চট্টগ্রামে পুলিশি হেফাজতে ব্যবসায়ী রুকনুজ্জামানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় কারাগারে আটক দুই পুলিশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, হত্যা মামলার আসামি কারাগারে আটক নগরের পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন ও কনস্টেবল মোছলেমের মিস মামলা করে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। ইতিপূর্বে মহানগর হাকিম আদালতে তাঁদের জামিন আবেদন নাকচ হয়েছিল।
রাষ্ট্রপক্ষ ও বাদীর আইনজীবী জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, ‘আসামিরা জামিনে বেরিয়ে এলে বাদীপক্ষকে হুমকি দিয়ে মামলা প্রত্যাহারের চাপ দিতে পারেন। পাশাপাশি ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন নিহতের পরিবার।’ শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত সোমবার রাতে নগরের পাঁচলাইশ থানা থেকে এসআই আমির হোসেন ও কনস্টেবল মোছলেমকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। ব্যবসায়ী রুকনুজ্জামানের ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে মৃত্যুর কারণ উল্লেখ রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিমু আক্তার সাত পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন গত ২৫ জুন। এর আগে ১৮ জুন নগরের বাকলিয়া এলাকায় পাঁচলাইশ থানার একটি নারী নির্যাতন মামলায় রুকনুজ্জামানকে আটক করে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের গাড়িতেই পুলিশি নির্যাতনে রুকনুজ্জামানের মৃত্যু হয়েছে।