দুই পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে থানায় আটকে রেখে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন নগরের বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক ও মোহাম্মদ রুবেল হাওলাদার।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহানের আদালতে মামলাটি দায়ের করেন বায়েজিদ বোস্তামী এলাকার রেজিয়া বেগম। পরে আদালত বিষয়টি তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন।
বাদীর আইনজীবী সৈয়দ জহির হোসেন বলেন, অভিযোগে উল্লেখ করা হয়েছে, নগরের বায়েজিদ বোস্তামী সুলতান মার্কেটের উল্টো দিকে বাদী রেজিয়া বেগমের একটি দোকান রয়েছে। ওই দোকানের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মো. ইব্রাহিমকে ১১ অক্টোবর রাতে বায়েজিদ বোস্তামী থানার এসআই রুবেল হাওলাদার ধরে নিয়ে আসেন। দোকানটিও বন্ধ করে দেন। থানায় যোগাযোগ করা হলে এসআই একরামুল ও রুবেল দুই কর্মচারীকে ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় মহানগর আইনে দুই কর্মচারীকে আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে তাঁরা জামিন পান। সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দাবির অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই এসআই। তাঁরা গতকাল সন্ধ্যায় বলেন, রেজিয়া বেগমের দোকানে মাদকের আড্ডা বসত। স্থানীয়দের অভিযোগ পাওয়ায় পর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। থানা থেকে ছাড়তে কোনো ঘুষ দাবি করা হয়নি।