দুই পৌরসভায় মেয়র প্রার্থী ১১ জন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে গতকাল সোমবার ৯২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে মেয়র পদপ্রার্থী দলীয়ভাবে ৫ ও স্বতন্ত্র ১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই দিন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জেলা শাখার সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি হুমায়ূন কবীরের স্ত্রী মিসেস নায়ার কবির, জাতীয় পার্টির পৌর শাখার সদস্য ও সদর উপজেলার দপ্তর সম্পাদক আনিছ খান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য-বিষয়ক সম্পাদক ইউসুফ ভূইয়া, ইসলামী আন্দোলনের নেতা সিরাজুল ইসলাম ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী যুবলীগের নেতা গোলাম মোস্তফা ওরফে রাফি।
নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, মেয়র পদে ৯টি, সাধারণ কাউন্সিলর পদে ৭৫টি ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। জামায়াতের কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূঞা বলেন, গতকাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেয়র পদে ৬, সাধারণ কাউন্সিলর পদে ৭২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় দফায় আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরীফ ওই মনোনয়নপত্র গ্রহণ করেন। আগামী ২০ মার্চ এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সালাম বলেন, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবদুল মালেক, বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন , জাতীয় পার্টির প্রার্থী কাজী মো. জামাল উদ্দীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইসমাঈল হোসেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। ২ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।