দুই পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
নারায়ণগঞ্জে দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকালে ফতুল্লার কাশিপুরে অবস্থিত বন্ধ এক্সিল্যান্ট নিটওয়্যার লিমিটেড নামের কারখানা চালু এবং বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ ও মিছিল বের করলে পুলিশের লাঠিতে ১০ জন আহত হন। ফতুল্লার শিবু মার্কেটে র্যাডিকেল গার্মেন্টসে নির্দিষ্ট সময়ে কাজে যোগ না দেওয়ায় ১১ শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে সদর উপজেলার ফতুল্লার কাশিপুরে ঈদের ছুটিতে বন্ধ কারখানা চালু এবং বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা কারখানার সামনে মিছিল করেন। একপর্যায়ে তাঁরা সকাল নয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এতে ১০ শ্রমিক আহত হন। সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় র্যাডিকেল গার্মেন্টসে ১১ শ্রমিককে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় শ্রমিকেরা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপককে মারধর করেন এবং কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। এক্সিল্যান্ট নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক। তারা অবিলম্বে বন্ধ কারখানা চালু ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান। আদমজীনগরে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পরিচালক মো. মাহবুব আলম জানান, মৃদু লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।