দুই পোশাক শ্রমিককে ধর্ষণের মামলায় তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বাহার সিগনাল এলাকায় দুই পোশাকশ্রমিককে গণধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা দুই শ্রমিককে দেওয়ার নির্দেশ দেন জেলা কালেক্টরকে।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন পারভেজ, রানা ও নাছির। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে নাছির পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর চন্দন তালুকদার প্রথম আলোকে জানান, ২০১১ সালের ২৮ অক্টোবর নগরের চান্দগাঁও বাহার সিগনাল এলাকায় ভাড়া বাসায় ফেরার পথে দুই তরুণীকে আটকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় এক তরুণী বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করলে পুলিশ পরের বছরের ৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় দেন।