দুই পৌরসভার দূরত্ব ২৫০ মিটার!
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের আংশিক এলাকাকে পৌরসভা হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে ইতিপূর্বে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের আংশিক এলাকা পৌরসভা হিসেবে ২০০০ সালে ঘোষণা হওয়ার পর এবার তালোড়া পৌরসভা ঘোষণা হওয়ায় ২৫০ মিটারের ব্যবধানে উপজেলায় দুটি পৌরসভার আত্মপ্রকাশ ঘটল। ২১ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তালোড়া ইউনিয়নের একাংশ নিয়ে ১২ এপ্রিল পৌরসভা হিসেবে গেজেট প্রকাশ করা হয়। পৌরসভা গঠনের নিয়ম না মেনে রাজনৈতিক বিবেচনায় পৌরসভাটি গঠন করায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এ পৌরসভা গঠনের ফলে তালোড়া ইউনিয়নের এবারের নির্বাচনী তফসিল স্থগিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা অভিযোগ করে বলেন, এ ইউনিয়নে ছোট্ট একটি বাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকা ছাড়া তেমন কোনো রাজস্ব আয়ের কোনো খাত নেই। এই সামান্য আয় দিয়ে কোনো রকমে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ চলে। কিন্তু এই পৌরসভা গঠনের ফলে একশ্রেণীর রাজনৈতিক নেতা পৌরসভার দায়িত্ব নিয়ে নিয়োগ-ব্যবসা করে ব্যক্তিসুবিধা ভোগ করবে মাত্র। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুল মালেক সরদার বলেন, ‘তালোড়া যে পৌরসভা হয়েছে তা লোকমুখেই শুনেছি। পৌরসভার ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো তথ্যই নেওয়া হয়নি। তাই পৌরসভা গঠনের ব্যাপারে পক্ষে-বিপক্ষে আমার কিছুই বলার নেই।’ তালোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন সরকার আবুল বলেন, ‘এলাকার উন্নয়নের জন্যই বিগত জোট সরকারের সময় স্থানীয় সাংসদের সুপারিশে পৌরসভা গঠনের কার্যক্রম শুরু করেছিলাম। জোট সরকারের আমলে পৌরসভা আত্মপ্রকাশ না ঘটলেও বর্তমানে পৌরসভা হওয়ায় আমি খুশি।’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘বিএনপির আমলে পৌরসভা গঠনের কার্যক্রমই হয়নি। আমরা আওয়ামী লীগই পৌরসভা গঠনের দাবিদার। এলাকাটির উন্নয়নের জন্য পৌরসভার কোনো বিকল্প নেই। আমাদের এলাকায় পৌরসভা গঠনের যে অবকাঠামো রয়েছে তার চেয়েও বগুড়া জেলার অনেক পৌরসভায়ই এ অবস্থা নেই। তারপরও তো ওই সব পৌরসভা চলছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া নাজিম বলেন, ‘২০০৪ সালে পৌরসভা গঠনের সব কার্যক্রম শেষ হয়েছিল। এ সরকারের আমলে গেজেট প্রকাশ হয়েছে মাত্র।’