দুই প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ৩৭ মিনিট অবতরণ করতে না পারার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল শাখার দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শাখার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যথাসময়ে নামতে পারেনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ধাতব টুকরা পড়ে থাকার কারণে বিমানবন্দরের রানওয়ে আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিকে ঢাকার আকাশে উড়তে হয়েছে বাড়তি ৩৭ মিনিট। পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা রানওয়ে পরিষ্কার করার পর বিমানটি অবতরণ করে।
ঘটনার পরে তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের একজন অপারেটরকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়। ঘটনাটি তদন্তে গত বুধবার পৃথক তিনটি কমিটি করেছে বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গতকাল থেকে কাজ শুরু করেছে তিনটি কমিটি। এর মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রকৌশল শাখার কর্মী (প্রকৌশলী) রফিকুল ইসলাম ও সোহেল আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কর্মকর্তারা জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিমানটি আসার আগে সৌদি আরবগামী বিমানের আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ওড়ার মুহূর্তে ইঞ্জিন বিকল হয়ে রানওয়েতে এর ধাতব টুকরা ছড়িয়ে পড়ে।