
ফরিদপুর-২ আসনে প্রার্থী রয়েছেন চারজন। তাঁদের মধ্যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির দুই নারী প্রার্থী। দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে মুখোমুখি হয়েছেন তাঁরা। তাঁরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম।
দেশের প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম সৈয়দা সাজেদা চৌধুরী। অন্যদিকে শামা ওবায়েদ তাঁর তুলনায় অনেকটাই নবীন। ১৯৯১ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন সাজেদা চৌধুরী। ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ নির্বাচনে হেরে যান তিনি। ২০০৮ সালে আবারও সংসদ নির্বাচনে জয়ী হন সাজেদা। ওই নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন শামা ওবায়েদ। তিনি বিএনপির প্রয়াত মহাসচিব ওবায়দুর রহমানের মেয়ে।
বয়সের ভারে ভারাক্রান্ত বর্ষীয়ান জননেত্রী সাজেদা। তাই এবারের নির্বাচনী প্রচার ও প্রচারণায় তিনি তেমন অংশ নিতে পারছেন না। তবে তাঁর হয়ে কাজ করছেন দুই ছেলে ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী ও মেজ ছেলে সাজিদ আকবর চৌধুরী। শাহদাব সাজেদার প্রধান নির্বাচনী এজেন্টও। গত মঙ্গলবার শাহদাব আকবর ও সাজিদ আকবর বৃষ্টি উপেক্ষা করে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুরসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিতরণ করা হয় লিফলেট। বিকেলে তাঁরা বড়দিয়া ও সারুকদিয়া এলাকায় গণসংযোগ, নির্বাচনী কার্যালয় পরিদর্শন ও পথসভায় বক্তব্য দেন।
শাহদাব আকবর বলেন, এলাকার মানুষ সাজেদা চৌধুরীর পক্ষে দৃঢ়তার সঙ্গে অবস্থান নিয়েছে। নগরকান্দা ও সালথায় আজ যে উন্নয়ন ও সমৃদ্ধি, তাঁর সবই সম্ভব হয়েছে সৈয়দা সাজেদা চৌধুরী এ এলাকার বাসিন্দা ও সাংসদ বলে। তিনি আরও বলেন, ‘অনেকেই আমাদের নিয়ে অনেক কথা বলেন। কিন্তু আমরা কাউকে কোনো প্রকার হয়রানি করছি না। বিরোধী পক্ষ অনেক সময় রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমাদের নিয়ে বিরূপ কাহিনির অবতারণা করে।’
এদিকে মঙ্গলবার সকালে শামা ওবায়েদ নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন। এরপর দুপুরে তিনি সালথা ও নগরকান্দা উপজেলার পুরপাড়া, বল্লভদী, সোনাপুর ও ফুলসুতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন এবং ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেন করেন।
শামা ওবায়েদ প্রথম আলোকে বলেন, ‘ঠিকমতো কাজ করতে পারছি না। আমাকে নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে না। তবে পুলিশ প্রতিনিয়ত আমার দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করাসহ হয়রানি করছে। বাড়িতে বাড়িতে তল্লাশির নামে আতঙ্কের সৃষ্টি করেছে। এর ফলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের ভয়ে রাতে তাঁরা নিজ বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারছে না। নির্বাচনী পরিবেশ তৈরি করতে রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেছি।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ি ও হয়রানির বিষয়ে বিএনপির প্রার্থী কিছু অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ রকম ঘটনা যাতে আর না ঘটে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।