শিশু মিজান হত্যা মামলায় যুবলীগ কর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর
দুই প্রতিবেশীর বিরোধে প্রাণ গেল শিশুর!
দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ। সেই রোষানলে পড়ে প্রাণ গেল সাত বছরের শিশুর! এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে। শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। গত শুক্রবার রাতে শিশুটির লাশ উদ্ধার করা হয় ঘরের পাশের একটি ডোবা থেকে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দিনই আলী আহমদ (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত শিশুর বাবা আবুল হাশেম বাদী হয়ে সাতকানিয়া থানায় গত শনিবার (হত্যাকাণ্ডের পরদিন) মামলা করেন। আলী আহমদকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল সোমবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সাতকানিয়ার শিশু মিজান হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আলী আহমদকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী এলাকার দিনমজুর আবুল হাশেমের ছেলে মিজানুর রহমানকে গত শুক্রবার সকালে মাছ ধরার কথা বলে প্রতিবেশী যুবলীগ কর্মী আলী আহমদ পাশের একটি ডোবায় নিয়ে যান। দুপুরের দিকে আলী আহমদ একা বাড়িতে ফিরে এলেও মিজানুর আসেনি। মিজানুরের মা আনোয়ারা বেগম আলী আহমদের কাছে তাঁর ছেলে কোথায় জানতে চান। এ সময় তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হলে আনোয়ারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন আলী আহমদকে আটক করে পিটুনি দিলে তিনি শিশু মিজানুরের লাশ ডোবার পাশে কাদার মধ্যে আছে বলে স্বীকার করেন। ডোবাটি শিশু মিজানুরের বাড়ি থেকে ৫০০ গজ দূরে। স্থানীয় লোকজন ওই ডোবার কাদা থেকে শিশুটির লাশ উদ্ধার করার পর ক্ষিপ্ত হয়ে আলী আহমদকে আরও পিটুনি দিতে থাকে। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আলী আহমদকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের চার সদস্যসহ আটজন আহত হন। পুলিশ এ সময় পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।
নিহত শিশুর বাবা আবুল হাশেম প্রথম আলোকে বলেন, যুবলীগ কর্মী আলী আহমদ তাঁর প্রতিবেশী। কিছুদিন ধরে তাঁর পরিবারের সঙ্গে নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে পুকুরে ফেলে তাঁর ছেলেকে খুন করার হুমকি দিয়েছিলেন আলী আহমদ।
তিনি বলেন, তাঁর ছেলেকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চান আবুল হাশেম। তাঁর চার ছেলেমেয়ের মধে৵ মিজান সবার ছোট।
জানতে চাইলে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলী আহমদ শিশু মিজানকে হত্যার কথা স্বীকার করেছেন। রিমান্ডে তাঁকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ জানা যাবে। অপরাধী যেই হোক পুলিশ কাউকে ছাড় দেবে না।
এদিকে আলী আহমদ যুবলীগ কর্মী কিনা জানতে চাইলে সাতকানিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর প্রথম আলোকে বলেন, আলী আহমদ নামের কোনো ব্যক্তি চরতী ইউনিয়ন বা ওই ইউনিয়নের কোনো ওয়ার্ডে দলীয় পদে নেই। তা ছাড়া আলী আহমদ নামের কোনো যুবলীগ নেতাকে তিনি চেনেন না। স্থানীয়ভাবে তিনি হয়তো যুবলীগের কর্মী বা সমর্থক হতে পারেন।