ভেজালবিরোধী অভিযানে আম ও আঙুরের মধ্যে ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে। এই অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল চট্টগ্রাম নগরের জিইসি মোড় ও মুরাদপুরে এই অভিযান চালানো হয়। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন। অভিযানে সহযোগিতা করেন পুলিশ।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জিইসি মোড়ে চারটি ফলের দোকানে এবং মুরাদপুর মোড়ে দুটি ফলের দোকানে আম, আঙুর, পেপে ও লিচুর নমুনা পরীক্ষা করা হয়। এ সময় জিইসি মোড়ের মেসার্স ফেয়ার ফুড প্রতিষ্ঠানটিতে লাল আঙুরে ফরমালিন পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মুরাদপুর মোড়ে মেসার্স জসিম স্টোরে গুটি ল্যাংড়া আমে ফরমালিন পাওয়া যায়। এই প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি থেকে ফরমালিনযুক্ত তিন কেজি লাল আঙুর ও ২০ কেজি আম জব্দ করে ধ্বংস করা হয়।