দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে নিম্নমানের বিস্কুট তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানের চারজনকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর ও কাফরুল এলাকায় র‍্যাবের অভিযান শেষে আদালত এ সাজা দেন।

র‍্যাব জানায়, পশ্চিম কাফরুলের বাংলাদেশ সয়াপ্রোটিন প্রজেক্ট লিমিটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার সরবরাহ করে। এখানে র‍্যাব-২-এর একটি দল অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদ উত্তীর্ণ স্ট্রবেরি ফ্লেভার ব্যবহার, লেবেল ছাড়া বিভিন্ন রং ব্যবহার, স্ট্যান্ডার্ড মুরগির ফিডের বস্তার ভেতর সয়াবিন, ময়দাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সয়াপ্রোটিনের ব্যবস্থাপক আবুল কালাম এবং প্রধান কারিগর হুমায়ুন কবিরকে আটক করা হয়। তাঁরা দোষ স্বীকার করলে র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন তাঁদের আড়াই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মোহাম্মদপুরের বাবর রোডে নিউ বিক্রমপুর সুইটসে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, খোলা হাতে দই ও মিষ্টি উৎপাদন, অপরিষ্কার মেঝেতে দই প্রক্রিয়াজাতকরণ ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি, বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পায় র‍্যাব। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবু ছিদ্দিক ও কারিগর রাসেল আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।