চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল
দুই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দরপত্র প্রক্রিয়া শুরুর নির্দেশ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের দরপত্র বাতিল করার আদেশ দিয়েছে একটি রিভিউ প্যানেল। শুধু প্রথম দফায় বাছাই করা চারটি প্রতিষ্ঠানকে বহাল রেখে দরপত্র-প্রক্রিয়া আবার শুরু করার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় দফায় বাছাই করা ঠিকাদারের তালিকাও বাতিল করার আদেশ দেওয়া হয়েছে। আদেশে বাদ দেওয়া হয়েছে আলোচিত সাইফ পাওয়ারটেকসহ দুটি প্রতিষ্ঠানকে। গত সোমবার ক্রয়-সংক্রান্ত কেন্দ্রীয় কারিগরি ইউনিটের (সিপিটিইউ) রিভিউ প্যানেল-৩-এর এক রায়ে এই আদেশ দেওয়া হয়। সাত পৃষ্ঠার এই রায়ের লিখিত কপি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, দ্বিতীয় দফায় বাছাই করা দুটি প্রতিষ্ঠান হলো, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং পিএসএ ইন্টারন্যাশনাল। এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে গত ৩০ আগস্ট সাইফ পাওয়ারটেক দরপত্র জমা দেয়। এর বাইরে প্রথমবার ২০০৯ সালে নির্বাচিত চারটি আন্তর্জাতিক অপারেটর এই দরপত্র জমা দেয়। রিভিউ প্যানেলের আদেশ অনুযায়ী, সাইফ পাওয়ারটেক লিমিটেড ও পিএসএ ইন্টারন্যাশনাল ছাড়া প্রথমবার নির্বাচিত চারটি প্রতিষ্ঠানকে নিয়ে দরপত্র-প্রক্রিয়া আবার শুরু করতে হবে। জানতে চাইলে নিউমুরিং কনটেইনার টার্মিনালের প্রকল্প পরিচালক (এসওটি) ক্যাপ্টেন নাজমুল আলম গতকাল বলেন, রিভিউ প্যানেলের সিদ্ধান্তের বিষয়টি এখনো হাতে পাওয়া যায়নি। হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে তিনি জানান।জানা গেছে, ৫৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে অপারেটর নিয়োগে প্রথম দফায় চারটি প্রতিষ্ঠানকে বাছাই করে মূল দরপত্র বিতরণ হয় ২০০৯ সালে। কিন্তু ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এই দরপত্র-প্রক্রিয়া স্থগিত করে নৌপরিবহন মন্ত্রণালয়। এরপর পরামর্শক প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারি-পিপিপি এবং অর্থমন্ত্রীর মতামত উপেক্ষা করে দফায় দফায় দরপত্রের শর্ত সংশোধন করে দুটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্দর কর্তৃপক্ষ এসব শর্ত সংশোধন ও বাতিল করে বলে এ-সংক্রান্ত নথিতে উল্লেখ আছে। বাছাই কমিটির তিন সদস্যের আপত্তির পরও সাইফ পাওয়ারটেক লিমিটেডকে দরপত্রে অংশ নেওয়ার যোগ্য করা হয়েছে। শর্ত সংশোধনের বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সদ্য বিদায়ী সচিব আবদুল মান্নান হাওলাদার একাধিকবার সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, দরপত্রের শর্ত সংশোধন নিয়মানুযায়ীই করা হয়েছে। উল্লেখ্য, দরপত্রের শর্ত পরিবর্তন করে সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ এনে ঈদের পর আন্দোলন শুরু করেছিলেন সাবেক মেয়র ও বন্দর উপদেষ্টা পরিষদের সদস্য এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সে সময় নৌপরিবহনমন্ত্রীর পক্ষে মহিউদ্দিনের আন্দোলনের বিরোধিতা করে ব্যবহারকারীদের নিয়ে গোলটেবিল বৈঠক করেন বন্দর এলাকার সাংসদ এম এ লতিফ। জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, নিয়মবহির্ভূতভাবে দরপত্রের শর্ত সংশোধনের অভিযোগ যে ঠিক ছিল, সেটি রিভিউ প্যানেলের রায়ে প্রমাণিত হয়েছে।