দুই প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বঙ্গোপসাগরে বার্জ ডুবে তেল নিঃসরিত হয়ে পরিবেশদূষণ ঘটায় দুটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী গতকাল সোমবার এ জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো হলো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের পারিবারিক প্রতিষ্ঠান তাহের অ্যান্ড কোম্পানি নামের জাহাজভাঙা ইয়ার্ড ও চরলক্ষ্য ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মহব্বত আলীর মালিকানাধীন ওশান (বিডি) লিমিটেড। সমুদ্রদূষণের অভিযোগে তাহের অ্যান্ড কোম্পানিকে পাঁচ লাখ ও ওশান বিডি লিমিটেডকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওশান (বিডি) গ্রুপের মালিকানাধীন ডিবি চিটাগাং নামের নৌযান তাহের কোম্পানির একটি পুরোনো জাহাজ থেকে ফার্নেস তেল নিয়ে আসছিল। এ সময় ডিবি চিটাগাং ডুবে গেলে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে। গত ২৯ এপ্রিল ভোরে নৌযানটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌযানে আড়াই লাখ লিটার ফার্নেস তেল ছিল। পরে এটি উদ্ধার করা হলেও সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে। এতে দূষণ ছড়িয়ে যায়। এ কারণে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। এ প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, ‘ফার্নেস তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রের জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। দূষণ বড় আকারে না হলেও সাবধানতা অবলম্বন না করা তাদের উচিত হয়নি। তাই জরিমানা করা হয়েছে।’