দুই প্রতিষ্ঠানে তালা, বৃদ্ধ দম্পতি এক ঘণ্টা আটকা
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় জমিসংক্রান্ত বিরোধে একই ব্যক্তির দুটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মালিক ও কর্মচারীদের বের করে দিয়ে দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের ভেতর স্বত্বাধিকারীর অসুস্থ মা-বাবা প্রায় এক ঘণ্টা আটকা পড়েন।
পুলিশ ও ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহীদুল ইসলামের ভাই রফিকুল ইসলাম জানান, পাশের দোকানের মালিক আনোয়ার হোসেনের সঙ্গে ২০ নম্বর স্টেশন রোডের ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। পরে আদালতের রায়ের মাধ্যমে শহীদুল ইসলাম জমির মালিকানা পান। গতকাল বিকেল সাড়ে তিনটায় ২০ স্টেশন রোডের দোকানে একদল দুর্বৃত্ত ঢুকে দোকনের মালিক ও কর্মচারীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়।
এ সময় দোকানের পেছনের বাসায় স্বত্বাধিকারীর বাবা আবদুল মান্নান ও মা আনোয়ারা বেগম এক ঘণ্টা আটকা পড়েন। একই সময় ওই মালিকের গাঙ্গিনারপাড় এলাকার অন্য ব্যবসাপ্রতিষ্ঠান মিনাক্স বিউটি পারলার ও লেডিস কর্নারের আটজন কর্মচারীকে বের করে তালা ঝুলিয়ে দেয় আরেক দল দুর্বৃত্ত। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ গিয়ে তালা ভেঙে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে। রফিকুল ইসলাম জানান, আদালতের রায়ের মাধ্যমে তাঁরা ওই জমির মালিকানা পাওয়ার পর জমিটির দখল নিতে গিয়ে বারবার ওই পক্ষের আক্রমণের শিকার হতে হচ্ছে।