দুই প্রতিষ্ঠানের প্রতিবাদ ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়!’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন (সাবীক) ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেড।
সাবীক: ২৩ মার্চ পাঠানো সাবীকের প্রতিবাদপত্রে বলা হয়েছে, জরিপ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি, যোগসাজশ করে দাবি পরিশোধ একেবারেই অমূলক। বিমা কোম্পানি কর্তৃক ১০০ কোটি টাকা দাবি নাকচও তথ্যনির্ভর নয়। কারণ, পলিসিগুলোর বিমা অঙ্কের ওপর ভিত্তি করে বিমাকারী আনুমানিক ক্ষতির যে বিবৃতি দিয়েছিল, প্রাথমিক জরিপের পর তা কমে গেছে। পুনঃ বিমাকারী হিসেবে বিমাদাবির ব্যাপারে সাবীকের সংশ্লিষ্টতা স্বাভাবিক, কোনোভাবেই তা অবৈধভাবে অর্থ পাইয়ে দেওয়ার কলাকৌশল হতে পারে না। বিমাদাবির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগেই যে ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে বিদেশি পুনঃ বিমাকারীর কাছ থেকে অর্থ আদায় প্রশ্নবিদ্ধ হতে পারে।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স: একই দিনে পাঠানো প্রতিবাদপত্রে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স বলেছে, বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিমা হয়েছে। জরিপ এখনো সম্পন্ন হয়নি, সুতরাং দাবি নাকচ অবান্তর। বিমাকারী ও পুনঃ বিমাকারী একে অপরের সহযোগী নয় এবং প্রিমিয়াম ছাড়া পলিসি ইস্যু অবাস্তব।
আরও বলা হয়েছে, নৌবিমা পলিসি একটি নয়, ১২টি। পলিসি গ্রহণের পর এনডোর্সমেন্টের মাধ্যমে বিমার অঙ্ক পরিবর্তন করা যায়। ফ্যাকালটেটিভের পুনঃ বিমা বাধ্যতামূলক নয়।
প্রতিবাদপত্রে বলা হয়েছে, মানি রিসিট না থাকা মোটেও সত্য নয়। আইডিআরএ ও সাবীককে চাহিদা অনুযায়ী মানি রিসিট দেওয়া হয়েছে। সাবীকের পুনঃ বিমাকারী টাইজার্সের পরিচালকের সঙ্গে প্রথম আলোর যোগাযোগ জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ।
এতে বলা হয়েছে, দাবি ৪৫৪ কোটি কমিয়ে ৩৩৭ কোটি টাকার কথা সাবীককে জানিয়ে দেয় স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স নিজেই। এ ছাড়া আইডিআরএর সদস্যের বক্তব্য ‘কথিত’, দুই কার্যদিবসের মধ্যে তথ্য জানানোর প্রজ্ঞাপন আইডিআরএ জারি করেনি।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে আইডিআরএ, সাবীক, স্ট্যান্ডার্ড গ্রুপ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স এবং টাইজারসের মধ্যে চালাচালি হওয়া চিঠি, বিবরণী ও বিমা পলিসির ওপর ভিত্তি করে। সব দলিলই প্রথম আলোর কাছে রয়েছে। প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট সবার বক্তব্যও নেওয়া হয়েছে।
সাবীক দাবি পরিশোধ করেছে—প্রতিবেদনের কোথাও এ কথা বলা হয়নি। সাবীক বলেছে, ‘বিমা কোম্পানি কর্তৃক ১০০ কোটি টাকা দাবি নাকচও তথ্যনির্ভর নয়’—প্রতিবেদনে বিমা কোম্পানি কর্তৃক নাকচের কথা বলা হয়নি, বলা হয়েছে প্রাথমিক জরিপ প্রতিবেদনে নাকচের কথা। প্রাথমিক জরিপের পরই দাবি যে কমেছে, সাবীকের প্রতিবাদপত্রেই তার স্বীকারোক্তি রয়েছে।
অন্যদিকে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স বলেছে, ‘জরিপ এখনো সম্পন্ন হয়নি, দাবি নাকচ অবান্তর।’ স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স আইডিআরএ ও সাবীককে প্রথমে ক্ষতি ৪৪৫ কোটি, পরে ৪৫৪ কোটি টাকার কথা জানিয়েছিল। প্রাথমিক জরিপের ভিত্তিতেই স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স আগুন লাগার ৫০ দিন পর সাবীককে জানায়, ক্ষতি ৩৩৭ কোটি টাকা। প্রকাশিত প্রতিবেদনে চূড়ান্ত নয়, প্রাথমিক জরিপ প্রতিবেদনের কথাই বলা হয়েছে।
প্রতিবেদনে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ও সাবীককে একে অপরের সহযোগী প্রতিষ্ঠান বলা হয়নি, বলা হয়েছে জালিয়াতির আয়োজনের সহযোগী।
নৌবিমা পলিসি ১২টি থাকলেও এ ঘটনায় যে একটি, তা সাবীককে পাঠানো স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের চিঠিতেই রয়েছে। মানি রিসিট না থাকা এবং বিশাল অঙ্কের অর্থের পুনঃ বিমা না থাকাটা আইডিআরএর কাছেই ধরা পড়েছে।
প্রতিবাদপত্রে টাইজারসকে সাবীকের পুনঃ বিমাকারী বলা হয়েছে, টাইজারস প্রকৃতপক্ষে ব্রোকার প্রতিষ্ঠান। আইডিআরএর প্রজ্ঞাপনের কপি ও সদস্যের বক্তব্যের প্রমাণও প্রথম আলোর কাছে রয়েছে।