দুই প্রতিষ্ঠানের বিরোধ প্রাচীর তুলে রাস্তা বন্ধ
পাবনার ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (আরএআরএস) ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের (এটিআই) মধ্যকার রাস্তায় গত মঙ্গলবার হঠাৎ করে প্রাচীর তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এটিআইয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। শ্রমিক-আনসারদের মারধর ও গবেষণা খামারের ভুট্টা ছেঁড়ার জের ধরে এ প্রাচীর তুলে দেয় আরএআরএস।
এটিআইয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁরা দীর্ঘদিন ধরেই ইট বিছানো ওই রাস্তাটি ব্যবহার করে আসছেন। শহরের বাইরে থেকে অনেক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে হেঁটে এটিআইতে আসেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরাও এ পথটি ব্যবহার করতেন। বছর খানেক আগে আরএআরএসের সীমানায় গ্রিল দিয়ে ফটক স্থাপন করা হয়। এরপর গত মঙ্গলবার কৃষি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে হঠাৎ করে সেখানে ইটের প্রাচীর তুলে রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
এটিআইয়ের অধ্যক্ষ গোলাম মর্তূজা জানান, এটিআইয়ের ছাত্রদের সঙ্গে আরএআরএসের শ্রমিক-আনসারদের মধ্যে বিবাদের জের ধরে অনৈতিকভাবে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। রাস্তাটি বন্ধের উদ্যোগ নেওয়ার সময়ই তিনি আরএআরএসের পরিচালককে নিষেধ করেছিলেন। অধ্যক্ষ বলেন, ‘আমি তাদের (আরএআরএস) বলেছিলাম, ছেলেদের না হয় মাথা গরম। আবার আপনারাও মাথা গরম করে রাস্তাটি বন্ধ করে দিলে সবাই ভোগান্তির শিকার হবেন।’
ঈশ্বরদী আরএআরএসের কর্মকর্তা-কর্মচারীরা এ জন্য এটিআই কর্তৃপক্ষকেই দায়ী করেন। তাঁরা বলেন, বহিরাগতদের নিয়ে ওই প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী প্রায়ই ওই রাস্তা দিয়ে আরএআরএসের সীমানায় ঢুকে ফল ও ফসলের ক্ষতি করে। তাদের বারবার বলা সত্ত্বেও নিষেধ উপেক্ষা করে প্রতিনিয়ত আরএআরএসের ক্ষতি সাধন করছে। সর্বশেষ ২৩ এপ্রিল সন্ধ্যায় এটিআইয়ের তিন-চার ছাত্র আরএআরএসে ঢুকে গবেষণার উদ্দেশ্যে ফলানো ভুট্টা ছিঁড়ে নেয়। এ সময় বাধা দিলে কর্তব্যরত আনসার সদস্য ও শ্রমিকদের পিটিয়ে জখম করে তারা। এ ঘটনায় শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করে দোষীদের শাস্তি দাবি করেন।
আরএআরএসের পরিচালক তপন কুমার দে বলেন, আনসার ও শ্রমিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকেরা সভা করে সর্বসমঞ্চতিক্রমে রাস্তাটি বন্ধ করে দেওয়ার দাবি জানান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় স্থায়ী প্রাচীর নির্মাণ করা হয়।