অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্যাকেটজাতকরণ ও বিএসটিআইয়ের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রতারণার অপরাধে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানের মালিককে তিন মাস করে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার করায় আরও দুটি প্রতিষ্ঠানের কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরের বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআই ও র্যা বের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কে এম হানিফ জানান, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ভোজ্যতেলের বোতলে খুচরা মূল্য ও ব্যাচ নম্বর উল্লেখ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্যাকেটজাত করার জন্য বায়েজিদ এলাকার মেসার্স শহিদ স্টোরের (ব্র্যান্ড: শাহিন) মালিক মো. শাহিনকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে কাপড় কাচা সাবান তৈরির প্রতিষ্ঠান মেসার্স ইনডেক্স সোপ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির (ব্র্যান্ড: সুগন্ধা) মালিক মো. সিরাজউদ্দিনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার করায় পানি উৎপাদনের কারখানা মেসার্স দেশ ফুডস অ্যান্ড বেভারেজ ও ভোজ্যতেল তৈরির কারখানা মেসার্স আমানত প্যাকেজিং ও মার্কেটিংয়ের কারখানা সিলগালা করে দেন আদালত।
পাঁচ হোটেলকে জরিমানা
অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে পাঁচটি খাবারের হোটেলকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ফুটপাতে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ছয়জন হকারকে তিন হাজার টাকা এবং নালায় ময়লা-আবর্জনা ফেলার দায়ে মো. সাগর নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের জুবিলী রোড ও কেসি দে রোড এলাকায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এসব অভিযান চালান। অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে সাইমন হোটেল ও গোবিন্দ হোটেলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার টাকা, ঢাকা বিরিয়ানি হাউস ও বিষ্ণুপ্রিয়া হোটেলকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
ফুটপাত দখল করে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ছয়জন হকারকে পাঁচ শ টাকা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।