দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতাহাতি, তীব্র যানজট

রাজধানীর ফার্মগেটে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়েছে। এ নিয়ে ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ওই সড়কসহ আশপাশের সড়কে অসহনীয় জটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় মানুষকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে তেজগাঁও কলেজের সামনের সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ‘হেমন্ত’ বাসটি থামে। এ সময় তেজগাঁও কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে হানিফ মেট্রো সার্ভিসের টিকিট বিক্রির টেবিল-টুল ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের বাসটি চলে যায়।
হাতাহাতি ও ভাঙচুরের খবরে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নেন। কিছুক্ষণ পর তাঁরা ফার্মগেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী চৈতালী বাসে ভাঙচুর চালান। এর প্রতিবাদে ওই বাসে থাকা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের অপর দুটি বাসে থাকা শিক্ষার্থীরাও এতে যোগ দেন। একপর্যায়ে তাঁরা ইটপাটকেল ছুড়ে তেজগাঁও কলেজের জানালার কাচ ভাঙচুর করেন।
এর প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝখানে সেজান পয়েন্টের সামনে অবস্থান নেন পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য। কিছুক্ষণ পর পুলিশ তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে পাঠিয়ে দেয়। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে কলেজ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী সড়কে আসার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনার কারণে দীর্ঘ সময় ফার্মগেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতে অসহনীয় যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহান যাত্রীরা। ফার্মগেট থেকে এই যানজট শুরু হয়ে বাংলামোটর, মগবাজার, শাহবাগ, কাকরাইল পর্যন্ত বিস্তৃত হয়। অন্যদিকে মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয়সরণি, আগারগাঁওসহ আশপাশের সড়কেও এই জট ছড়িয়ে পড়ে। জটে আটকে থাকা বাস থেকে নেমে অনেক যাত্রী হেঁটে গন্তব্যে রওনা দেন।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হানিফ মেট্রো সার্ভিসের কাউন্টারে ভাঙচুর ও কাউন্টারের লোকজনকে মারধর করেন। এর প্রতিবাদ করায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। এ থেকে ঘটনার সূত্রপাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘হেমন্ত’ বাসে উঠতে চেয়েছিলেন। এ নিয়ে ঘটনার সূত্রপাত। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।