দুই প্রত্যক্ষদর্শীসহ বখতিয়ারের তিন বন্ধু সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় গতকাল সোমবার প্রত্যক্ষদর্শী দুজনসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন। মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম এই মামলার একমাত্র আসামি।

গতকাল আদালতে সাক্ষ্য দেন কামাল মাহমুদ, জাহাঙ্গীর আলম ও কামাল ওরফে টাইগার কামাল। তাঁদের মধ্যে কামাল মাহমুদ ও টাইগার কামাল ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। গতকাল এই সাক্ষীদের আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। আদালত ৬ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে বখতিয়ার আলম ওরফে রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।

ওই বছরের ১৫ এপ্রিল নিহত হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় মামলা করেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ারকে গ্রেপ্তার করে। ২০১৫ সালের ২১ জুলাই বখতিয়ারকে একমাত্র আসামি
করে আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি। ২০১৬ সালের ৬ মার্চ এই মামলায় অভিযোগ গঠন করা হয়।  

অভিযোগপত্রে বলা হয়, ঘটনার সময় বখতিয়ারের বন্ধু আবাসন ব্যবসায়ী কামাল মাহমুদ ও মো. কামাল ওরফে টাইগার কামাল গাড়ির পেছনের আসনে বসা ছিলেন। তাঁরা আদালতে জবানবন্দিতে বলেছেন, বখতিয়ার তাঁর পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েছেন।