দুই প্রধান পরীক্ষক আজীবন নিষিদ্ধ
বরিশাল শিক্ষা বোর্ডের হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের দুই প্রধান পরীক্ষককে শিক্ষা বোর্ডের কাজ থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ড। গতকাল সোমবার রাতে বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
এই দুই প্রধান পরীক্ষক হলেন বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষক জুরান চক্রবর্তী ও বরগুনার বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বীরেন চক্রবর্তী। তাঁদের শিক্ষা বোর্ডের পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ২০১৬ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রাপ্য পারিশ্রমিক না দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে দুই শিক্ষকের এমপিও বন্ধ রাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে সুপারিশ করা হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, দুই প্রধান পরীক্ষক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, এটা তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে বোর্ডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষা অধিদপ্তরকেও ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান ও শিক্ষা বোর্ডের সচিব মো. আবদুল মোতালেব জানান, তদন্তে হিন্দুধর্ম বিষয়ে নৈর্ব্যক্তিক শিটের উত্তরপত্রে ভুলের কারণে ফলাফল বিপর্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। গত রোববারই তদন্ত প্রতিবেদন বোর্ডের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। সেখানে সব দিক বিবেচনায় নিয়ে দুই প্রধান পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
হিন্দুধর্ম বিষয়ে নৈর্ব্যক্তিক ‘খ’ সেটে প্রধান পরীক্ষকের ভুলের কারণে ১ হাজার ১৪১ জন শিক্ষার্থী ফেল করেছিল। পরে পুনঃ পরীক্ষণে সবাই পাস করে। প্রথমে ফেল করার খবরে এক শিক্ষার্থী আত্মহত্যাও করে।