দুই প্রহরীকে নির্যাতনের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আলাউদ্দিন হোস্টেলের দুই প্রহরীকে নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের নেতারা।

এদিকে হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকে চিকিৎসাধীন দুই প্রহরী নেওয়ার হোসেন ও স্বপন লাল জানান, গত দুই দিনে তাঁদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন। গত শনিবার রাতে কলেজের আলাউদ্দিন হোস্টেলের ছাত্ররা সাইকেল চুরির অভিযোগে দুই প্রহরীকে মারধর করেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি রেণু মিয়া বলেন, ‘আমাদের দুই কর্মচারীকে মারধর করার ঘটনার পর থেকে একাধিকবার কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের বলেছেন তিন দিনের মধ্যে সমস্যাটি সমাধা করা হবে। আমরা তার অপেক্ষায় আছি। বৃহস্পতিবার দুপুরের মধ্যে সুরাহা না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।’

কলেজের অধ্যক্ষ বেলাল আলম বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে সবাইকে নিয়ে সমস্যা সুষ্ঠুভাবে সমাধা করা হবে।