দুই প্রান্তেই অপেক্ষার যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক লেনের কালুরঘাট সেতু দিয়ে চলাচল করে নগর ও বোয়ালখালী—দুই প্রান্তের গাড়ি। ফলে এক প্রান্ত সচল হলে সেতুতে ওঠার অপেক্ষায় থাকতে হয় আরেক প্রান্তের যানবাহনকে। গতকাল দুপুরে সেতু অতিক্রম করছে বোয়ালখালী প্রান্তের গাড়ি l জুয়েল শীল
এক লেনের কালুরঘাট সেতু দিয়ে চলাচল করে নগর ও বোয়ালখালী—দুই প্রান্তের গাড়ি। ফলে এক প্রান্ত সচল হলে সেতুতে ওঠার অপেক্ষায় থাকতে হয় আরেক প্রান্তের যানবাহনকে। গতকাল দুপুরে সেতু অতিক্রম করছে বোয়ালখালী প্রান্তের গাড়ি l জুয়েল শীল

বেলা পৌনে একটা। শুক্রবার। কালুরঘাট সেতুর ওপর তখন নগরমুখী গাড়ির সারি। এক লেনের সেতু হওয়ায় ওই সময় নগর প্রান্তে একপাশে দাঁড়িয়েছিল অন্তত ৪৫টি যানবাহন। প্রায় ১৫ মিনিট ধরে গাড়িগুলো বোয়ালখালীর দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এরও প্রায় ২০ মিনিট পর সেতুর নগর প্রান্তের রেলের গেটম্যান গৌরাঙ্গ চন্দ্র দাসের কাছে ফোনে বার্তা আসে বোয়ালখালী সীমানায় নগরমুখী গাড়ি আটকানো হয়েছে। তারপর আবারও পাঁচ-ছয় মিনিটের অপেক্ষা। এভাবে প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বোয়ালখালীমুখী গাড়িগুলো সেতুতে ওঠার সুযোগ পায়।

ব্রিটিশ আমলে তৈরি এই সেতুর ওপর দিয়ে কেবল একদিকে ট্রেন বা গাড়ি চলাচল করতে পারে। যখন ট্রেন চলে তখন দুপাশের গাড়ির চলাচলই বন্ধ থাকে। ওই রেলপথ দিয়ে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ট্রেন চলাচল করে। এক লেনের সেতু হওয়ায় দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছে চট্টগ্রাম থেকে বোয়ালখালীতে যাতায়াতকারীরা। এভাবে বোয়ালখালী থেকে চট্টগ্রামে আসতেও সমান ভোগান্তি যাত্রীদের। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়ার একাংশের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই কালুরঘাট সেতু। সাম্প্রতিক সময়ে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সেতুর দুই প্রান্তে অপেক্ষার পালাও বাড়ছে। এতে সেতুর উভয় দিকে যানজটও হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কালুরঘাট সেতুতে ওঠার আগে নগর বা বোয়ালখালী প্রান্তে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ঈদের সময় অপেক্ষার পালা আরও বাড়ে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে দুই প্রান্তেই গড়ে ৪০ মিনিট করে দাঁড়িয়েছিল সেতু পারাপারের জন্য অপেক্ষমাণ গাড়িগুলো।

এই সেতুতে চলাচলকারী যানবাহনের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাই বেশি। গতকাল দুপুরে বোয়ালখালী সদরে যেতে কাপ্তাই রাস্তার মাথা থেকে  অটোরিকশায় যাত্রী তোলেন চালক সাহাব উদ্দিন। কালুরঘাট সেতুর নগর প্রান্তে তাঁকে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। সাহাব উদ্দিন বলেন, এত সময় অপেক্ষা করতে হয় বলে বোয়ালখালীতে যেতে ইচ্ছে করে না তাঁর।

সেতুর নগর প্রান্তে তৌহিদুল আলম নামের আরেক অটোরিকশা চালক বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার সেতুতে যাত্রীর চাপ বেড়ে যায়।

সেতুর ইজারাদার প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মচারী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, প্রতিদিন গড়ে পাঁচ হাজার যানবাহন কালুরঘাট সেতুর ওপর দিয়ে পারাপার হয়। সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় গাড়িগুলো ধীরগতিতে চলে। 

নগর প্রান্তে সেতুতে ওঠার অপেক্ষায় যানবাহনের সারি। ছবিটি গতকাল বেলা আড়াইটায় তোলা l প্রথম আলো
নগর প্রান্তে সেতুতে ওঠার অপেক্ষায় যানবাহনের সারি। ছবিটি গতকাল বেলা আড়াইটায় তোলা l প্রথম আলো

একই ইজারাদার প্রতিষ্ঠানের আরেক কর্মী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, টেম্পো ও ট্রাকসহ সব ধরনের আট হাজারের বেশি গাড়ি সেতু পারাপার হয়েছে। শুক্রবারও গাড়ি পারাপারের সংখ্যা এর কাছাকাছি হবে। দুর্ভোগ থেকে রেহাই পেতে ৮৭ বছর বয়সী এই সেতুর পাশে আরেকটি সেতু নির্মাণে আন্দোলন করে আসছে বোয়ালখালীর বাসিন্দারা। কণর্ফুলী নদীর ওপর ১৯৩০ সালে কালুরঘাট সেতুটি নির্মাণ করে রেলওয়ে।

এ বিষয়ে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব রমেন দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, গত ঈদের সময় কালুরঘাট সেতু পার হতে দেড়-দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৮৭ বছর আগে নির্মিত এই সেতু বিপুলসংখ্যক গাড়ির ভার বইতে পারছে না। নতুন সেতু নির্মাণ করা ছাড়া এখন আর অন্য কোনো বিকল্প নেই।

 (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বোয়ালখালী প্রতিনিধি আয়েশা ফারজানা)