চট্টগ্রাম মহানগরের উত্তরাংশের সঙ্গে সমুদ্রবন্দর ও বিমানবন্দরের সংযোগ ঘটিয়েছে দেওয়ানহাট ওভারপাস। গাড়ি পারাপারের সময় পুরোনো ওভারপাসটি কেঁপে উঠছে। এটি ভেঙে গেলে উত্তরের সঙ্গে বন্দরের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়বে।
অথচ কদমতলী উড়ালসেতুটি পরিকল্পিতভাবে নির্মিত হলে মহানগরের দুই প্রান্তের সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা সৃষ্টির সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা হাতছাড়া করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বটতলী রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম-উত্তরমুখী হয়ে ঢাকা অভিমুখে চলে যাওয়া রেললাইন চট্টগ্রাম মহানগরকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত করেছে। উত্তরে কয়েকটি বড় বড় আবাসিক এলাকা, বাণিজ্যকেন্দ্র, রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর, খাতুনগঞ্জ-চাক্তাই এলাকার অবস্থান। দক্ষিণে রয়েছে চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, কাস্টমস, শিপিং, জ্বালানি তেলের স্থাপনা, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, দুটি ইপিজেড, সমুদ্র সৈকত ও কয়েকটি আবাসিক এলাকা। দেওয়ানহাট ওভারপাস নির্মাণ করে উত্তরের সঙ্গে দক্ষিণের সংযোগ ঘটানো হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ১৯৬৯ সালে দেওয়ানহাট ওভারপাস নির্মাণ করা হয়। এটি দিয়ে প্রতিদিন গড়ে ২০-২২ হাজার গাড়ি পারাপার হচ্ছে। গাড়ির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এদিকে ওভারপাসটির আয়ুষ্কালও ফুরিয়ে আসছে। দেওয়ানহাটের অদূরে কদমতলীতে পরিকল্পিতভাবে উড়ালসেতুটি নির্মিত হলে বিকল্প যোগাযোগব্যবস্থা সৃষ্টির সম্ভাবনা ছিল। সেখানে ঠিকই উড়ালসেতু নির্মাণ করছে সিডিএ, কিন্তু উত্তরের সঙ্গে এর কোনো সংযোগ রাখা হয়নি। ফলে উড়ালসেতুটির বহুবিধ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
ক্ষোভ প্রকাশ করে নগর পরিবহন বিশেষজ্ঞ ও প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, ‘কদমতলী উড়ালসেতু করার আগে সিডিএ কর্তৃপক্ষকে ভাবার সময় দিয়েছিলাম। তাঁদের বলেছিলাম, দেওয়ানহাট ওভারপাসের পাশে আরেকটি বড় ওভারপাস নির্মাণ করতে, যেটি ডিটি সড়কের ওপর দিয়ে দেওয়ানহাটের সড়কে মিশে যাবে। কিন্তু আমাদের কথা শোনেননি তাঁরা। অথচ দেওয়ানহাট ওভারপাসটি গাড়ি চলাচলের সময় এখনই কেঁপে ওঠে। যখন ওই সেতু ভেঙে মানুষ মরবে, তখন আমাদের হুঁশ আসবে।’ সুভাষ বড়ুয়া আরও বলেন, নগরের উত্তরাংশের সঙ্গে দক্ষিণাংশের সংযোগ না রাখার কারণে কদমতলী উড়ালসেতু তেমন কাজে আসবে না।
সিডিএ সূত্র জানায়, প্রায় ৫৯ কোটি টাকা খরচ করে কদমতলী উড়ালসেতু নির্মাণ করা হচ্ছে। এটির দৈর্ঘ্য ১ হাজার ১৪৩ মিটার। আগামী দু-এক মাসের মধ্যে উড়ালসেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা গেছে। কিন্তু এই উড়ালসেতুর একটি সংযোগ সিপিবি-কদমতলীর সঙ্গে রাখা হলে উত্তরাংশের সঙ্গে দক্ষিণের বিকল্প সংযোগ পথ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই সুযোগ এখন আর নেই।
জানতে চাইলে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনউদ্দিন বলেন, ‘বহদ্দারহাট থেকে সিরাজদ্দৌলা সড়ক ও নিউমার্কেট হয়ে কদমতলী উড়ালসেতু দিয়ে ঢাকায় যাওয়া যাবে। এ জন্য আমরা সিরাজদ্দৌলা ও নিউমার্কেট সড়ক চওড়া করেছি। কিন্তু মহানগরের উত্তরের গাড়ি দক্ষিণে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা আমরা করিনি। কারণ, চাইলেই রেলের জায়গায় কিছু করা সম্ভব না। তবে টাইগারপাস ও স্টেশন সড়ক হয়ে কদমতলী উড়ালসেতু ব্যবহার করে দক্ষিণে যাওয়া যাবে।’
সিডিএ দেওয়ানহাট ওভারপাস নির্মাণকাজ শেষ করেছে। সেটি নির্মাণ করতে সিডিএর খরচ হয়েছে ৩০ কোটি টাকা। কদমতলী উড়ালসেতুর সঙ্গে এই ওভারপাসের সংযোগ রাখা হয়েছে। দেওয়ানহাট ওভারপাস এখন টেম্পোস্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ওভারপাসের ওপর দিয়ে কিছু ট্রাক, ছোট যান ও রিকশা পারাপার হয়।