আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনার ফরিদপুর পৌরসভায় এক মেয়র প্রার্থী ও আরেক সমর্থক এবং বগুড়ার কাহালু পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী আসাদুজ্জামান আলালকে ১০ হাজার ও বিএনপির প্রার্থী এনামুল হকের এক সমর্থককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে উপজেলা নির্বাহী ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন আদালত পরিচালনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তোফায়েল হোসেন বলেন, দুজনই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন ও ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করেছেন। ফলে আসাদুজ্জামান আলালকে ১০ হাজার ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থক মতিউর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিকেল থেকে বিএনপির প্রার্থীর সমর্থক মতিয়ার রহমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান আলাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে প্রচার চালাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টায় বিষয়টি জানতে পেরে আসাদুজ্জামান তাঁকে ধরে বেদম মারপিট করে থানায় নিয়ে যান।
এদিকে বগুড়ার কাহালু পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ফজলে করিমকে (বোতল মার্কা) আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইউএনও মোছা. তাছলিমা খাতুন তাঁকে জরিমানা করেন।