উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় বিএনপি-সমর্থিত দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কেউ নিজেদের ‘বিদ্রোহী’ হিসেবে মানতে নারাজ।
তাঁদের মধ্যে একজন কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপির সভাপতি মনোনীত ও অপরজন স্থানীয় বিএনপির একাংশের মনোনীত। উভয় প্রার্থী প্রচারণা অব্যাহত রাখায় সাধারণ কর্মী-সমর্থকেরা বিভ্রান্তিতে পড়েছেন। ২৩ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে বাগমারার প্রার্থী মনোনয়নের জন্য জেলা বিএনপি গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় নেতা-কর্মীদের সভা ডাকে। সেখানে প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান ও সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আখতারুজ্জামান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন নির্বাচনের মাঠে থাকার ব্যাপারে অনড় থাকেন। তবে এ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান উপস্থিত ছিলেন না। পরে তিনিও প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা কমিটি কোনো সিদ্ধান্ত না নিয়ে চূড়ান্তভাবে মনোনয়নের জন্য কেন্দ্রের ওপর দায়িত্ব দেয়। পরে ৪ মার্চ দলীয় প্রার্থী হিসেবে মকলেছুর রহমানকে কেন্দ্র থেকে সমর্থন দেওয়া হয়। সেই অনুযায়ী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মকলেছুর রহমানকে চিঠি দেন। এ সিদ্ধান্ত জানার পরদিন ৫ মার্চ রাতে ডি এম জিয়াউর রহমান ভবানীগঞ্জে নিজের অনুসারীদের নিয়ে সভা করেন। সেখানে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক তাঁদের সমর্থিত প্রার্থী হিসেবে ডি এম জিয়াউর রহমানের নাম ঘোষণা করেন। এরপর দলের সমর্থনপ্রত্যাশী অপর তিন প্রার্থী রফিকুল ইসলাম, আখতারুজ্জামান ও কামাল হোসেন মনোনয়ন প্রত্যাহার করলেও জিয়াউর রহমান প্রার্থী থেকে যান।
মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে কামাল হোসেন জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। রফিকুল ইসলাম এবং আখতারুজ্জামানও একই ধরনের কথা বলেন।
এদিকে জিয়াউর রহমান ও মকলেছুর রহমান প্রচারণা অব্যাহত রাখায় বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ কর্মী-সমর্থকেরা।
বিএনপির স্থানীয় কর্মী আবদুল আলিম, আসাদুল ইসলাম, ইউনুছ আলীসহ কয়েকজন জানান, তাঁরা জেনেছেন উপজেলা বিএনপির সভাপতিকে সমর্থন দেওয়া হয়েছে। আবার সাধারণ সম্পাদকও মাঠে আছেন। দুজন মাঠে থাকায় তাঁরা বিভ্রান্তিতে পড়েছেন। দুই প্রার্থীর কেউ নিজেকে বিদ্রোহী মানছেন না।
মকলেছুর রহমান বলেন, ‘দল আমাকে সমর্থন দিয়েছে। পৌরসভা ও উপজেলার কয়েকজন নেতা আরেকজনকে যে মনোনয়ন দিয়েছেন সেটা অগণতান্ত্রিক।’
জিয়াউর রহমান জানান, তিনি বিদ্রোহী প্রার্থী নন। দল এখনো কাউকে সমর্থন দেয়নি।
জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ নাদিম মোস্তফার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর স্বাক্ষরিত এক বিবৃতিতে মকলেছুর রহমানকে ১৯-দলীয় জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।