দুই প্রার্থীই প্রচারে ব্যস্ত
ভোলা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই ভোটকেন্দ্রভিত্তিক আলাদা কমিটি গঠন করে প্রচার চালাচ্ছে।বিএনপি বড় জনসভার বদলে বাজারগুলোতে ছোট সমাবেশ ও গ্রামে গ্রামে দল পাঠিয়ে প্রচার চালানোর কৌশল নিয়েছে। আর আওয়ামী লীগের প্রার্থী গ্রামে গ্রামে গিয়ে ভোট চাইছেন।লালমোহন উপজেলায় গত বৃহস্পতিবার নির্বাচনী সংঘর্ষে বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজিমউদ্দিন আলম আহত হওয়ার পর বিএনপি নির্বাচন বর্জন করবে কি না, সেটি জানতে অনেকেই আগ্রহী ছিলেন। তবে বিএনপির নেতারা বলছেন, বিএনপি নির্বাচন করবে না কি বর্জন করবে—সে সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু স্থানীয়ভাবে নির্বাচনী প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না।নাজিমউদ্দিন আলম বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে বিএনপির নেতারা জানিয়েছেন। বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ গতকাল বিকেলে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ বাজার, রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট ও রায়চাঁদ বাজার প্রভৃতি এলাকায় জনসংযোগ করেন। হাফিজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি আছে। প্রতিটি কেন্দ্রের জন্য ছোট ছোট কমিটি করে দেওয়া আছে, আছে ওয়ার্ডভিত্তিক কমিটিও। তারা কাজ করছে।অবশ্য গত মঙ্গলবার তিনি এই প্রতিবেদককে বলেছিলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন করব। আওয়ামী লীগ যদি কারচুপি করতে চায়, তাহলে দেশবাসীকে তা দেখাতে হবে না?’বিএনপির প্রস্তুতি: বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মহিলা দলও আলাদাভাবে নারীদের মধ্যে প্রচার চালাচ্ছে। তবে তারা সমাবেশ বা জনসভার মতো কর্মসূচি না করে বাড়ি বাড়ি গিয়ে প্রচারেই বেশি গুরুত্ব দিচ্ছে।যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল গতকাল শুক্রবার লালমোহনে কর্মী সম্মেলন করেছেন। এ সময় তিনি সব পরিস্থিতি মোকাবিলা করে আরও জোরালোভাবে নির্বাচনী প্রচারে নামতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, এখানে নির্বাচনী প্রচার আগে ছিল পথসভা ও সমাবেশভিত্তিক। এখন যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের কর্মীরা এলাকার মুরব্বিদের নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে। তবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মীরা প্রচারে বাধা দিচ্ছে।লালমোহন শ্রমিক দলের আহ্বায়ক শাহ্ জামান বলেন, ‘মেয়েদের বেশি করে উদ্বুদ্ধ করছি, যাতে তারা কেন্দ্রে আসে।’লালমোহন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা সংঘাত এড়িয়ে থাকতে চাই। এ জন্য সমাবেশ বাদ দিয়ে ঘরে ঘরে যেতে চাচ্ছি।’তজুমদ্দিন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ্ বলেন, উপজেলার ৩০টি ভোটকেন্দ্রের প্রতিটির জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে।আ.লীগের প্রচার পুরোদমে: আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী গতকাল সারা দিন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি, কোরালমারা ও দক্ষিণ শম্ভুপুরে পথসভা করেন। তিনি বিভিন্ন এলাকায় কর্মী সমাবেশ করেন।লালমোহন উপজেলাতেও আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গ্রামপর্যায়ে গণসংযোগ করেছেন।লালমোহন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সারা দিন বিভিন্ন ইউনিয়নে প্রচার চালিয়েছেন। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রভিত্তিক বিভিন্ন দলও এলাকায় কাজ করছে।গত তিন দিন নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষ হলেও গতকাল শুক্রবার তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। তবে গতকাল সকাল ১০টার দিকে লালমোহন বাজারের ওয়েস্টার্ন পাড়ার ডাকবাংলোর সামনে শাহাবুদ্দিন নামের বিএনপির এক সমর্থককে পিটিয়েছে আওয়ামী লীগের কয়েকজন কর্মী। শাহাবুদ্দিন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কর্মী ভুট্টো, নূরু ও আরও কয়েকজন তাঁর ওপর হামলা করেছে।এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বাঞ্ছারামপুর গ্রামে মো. জামাল নামের এক আওয়ামী লীগের সমর্থককে পিটিয়েছে বিএনপির সমর্থকেরা।