মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী দুই মেয়র পদপ্রার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই দুই প্রার্থী হলেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহম্মদ আলী এবং দলের সদস্য মো. মহসিন আলী।গাংনী আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনকে দলীয় প্রার্থী ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ। সিদ্ধান্ত উপেক্ষা করে আহম্মদ আলী ও মো. মহসিন আলী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। দলের পক্ষ থেকে তাঁদের একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়াননি। ফলে গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের সভায় তাঁদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় মেহেরপুর-২ (গাংনী) আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ নূরজাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জমান খোকন ও সাধারণ সম্পাদক আবদুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নির্বাচনে দলীয় প্রার্থীর নিশ্চিত জয়কে বাধাগ্রস্ত করতেই ওই দুজন নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে তা পাঠানো হয়েছে। প্রার্থী আহম্মদ আলী ও মো. মহসিন আলী জানান, দলের একাংশ অগঠনতান্ত্রিকভাবে সভা করে তাঁদের বহিষ্কার করেছে, যা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। তাঁরা দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেন্দ্রে পাল্টা পত্র দেবেন।