দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মো. শহিদল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
গাজীপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গত রোববার বিকেলে বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহর পক্ষে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় মহাসড়কে মিছিল বের করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। এ ঘটনায় শহিদুল্লাহকে ২৪ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল নোটিশটি তাঁর কাছে পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে শহিদুল্লাহ বলেন, মাওনা চৌরাস্তা এলাকায় রোববার রাতে তাঁর পক্ষে মিছিল হয়নি। গণসংযোগ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী নান্নু মিয়ার পক্ষে রোববার রাতে দুর্গাপুর এলাকায় মিছিল করা হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা বদর উদ দোজা ভূঁইয়া এ বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন। গতকাল দুপুরে এর জবাবে নান্নু মিয়া বলেন, মিছিল সম্পর্কে তিনি জানতেন না। এমন ধরনের কোনো কাজ করবেন না বলেও তিনি অঙ্গীকার করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বদর উদ দোজা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।