দুই প্রার্থীকে জরিমানা
সিরাজগঞ্জের তাড়াশ ও জয়পুরহাটের সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতি ও গত বুধবার তাঁদের এ দণ্ড দেন। তাড়াশ উপজেলায় এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এর আগেই ১ নম্বর তালম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ‘গরুর গাড়ি’ প্রতীক ছাপিয়ে প্রচারণা চালিয়েছেন। গতকাল সকালে বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সড়কে নির্বাচনী পথসভা করেছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই প্রার্থী জরিমানার টাকা পরিশোধ করেছেন।