দুই প্রার্থীকে জরিমানা ক্যাম্প উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার দায়ে দুই প্রার্থীকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মামুন সরদার।
জরিমানা দেওয়া প্রার্থীরা হলেন ছলিমাবাদ ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন (৫ হাজার) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. হিরন মিয়া (৪ হাজার)। এ ছাড়া গতকাল বিকেলে দরিকান্দি ইউনিয়নের দরিকান্দি গ্রামে সরকারি জায়গায় বিএনপির মনোনীত প্রার্থী আবদুল করিমের একটি নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ করেছেন বিচারিক হাকিম।
আবদুল করিম বলেন, ‘আমার নির্বাচনী ক্যাম্পটি সরকারি জায়গায় পড়েছে, এটি আগে বুঝতে পারিনি। ম্যাজিস্ট্রেট এসেছেন ক্যাম্প সরিয়ে নিতে, আমিও লোক পাঠিয়েছি মালপত্র সরিয়ে নিতে।’
নির্বাহী হাকিম মামুন সরদার বলেন, সরকারি জায়গা দখল ও তিন রাস্তার মোড় এলাকায় নির্বাচনী ক্যাম্প করায় তা উচ্ছেদ করা হয়েছে এবং আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় দুই প্রার্থীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে আচরণবিধি লঙ্ঘন করায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত বুধ ও বৃহস্পতিবার আট চেয়ারম্যান প্রার্থীসহ ৩৯ জনকে জরিমানা করা হয়েছে।