দুই প্রার্থীকে জরিমানা, টিভি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমদ ও নূরুল আফসারকে গতকাল সোমবার ২০ হাজার টাকা করে জরিমানা করেছে নির্বাচন কমিশন। দুজনের নির্বাচনী ক্যাম্প থেকে দুটি টেলিভিশনও জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, নির্বাচনী ক্যাম্পে টিভি, ভিসিডি চালানো নিষেধ। তাই ৪১ নম্বর ওয়ার্ড থেকে দুই কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প থেকে দুটি টিভি জব্দ করা হয়। দুজকে নোটিশও দেওয়া হয়েছে। এ ছাড়া তোরণ নির্মাণের জন্য আবদুল কাদেরকেও নোটিশ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দুই কাউন্সিলর প্রার্থীকে ৪৮ ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি হাজির হয়ে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ছালেহ আহমদ তাঁর নাজিরপাড়ার নির্বাচনী ক্যাম্পে টিভি চালাচ্ছিলেন। এ ছাড়া কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের পাঠানটুলি ওয়ার্ডের বাদামতলী এলাকায় তোরণ নির্মাণ করে ভোট প্রার্থনা করেন। গত রোববার রাতে তোরণ অপসারণ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।