দুই প্রার্থীকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সদস্য পদপ্রার্থী দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নূরনবী ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শেখ বাহাদুর আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান। এদিকে আচরণবিধি মেনে চলার জন্য মাইকিং শুরু করার পর দেয়াল থেকে পোস্টার তুলে ফেলার হিড়িক পড়েছে। গত দুই দিনে উপজেলার ধামাইনগর, ব্রহ্মগাছা, পাঙ্গাসীসহ বিভিন্ন ইউনিয়নের দশটি গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, দেয়ালে লাগানো পোস্টার তুলে ফেলছেন প্রার্থীদের লোকজন। তিনজন প্রার্থী বলেন, ‘ভুল করে দেয়ালে পোস্টার লাগিয়েছিলাম। আবার লোক দিয়ে তা তুলতে হচ্ছে।’ রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করা হচ্ছে।