শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র সাংসদ পদপ্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সব শর্ত পূরণ না করায় গতকাল রোববার মহিতুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার ঘোষণা দিয়েছেন।আওয়ামী লীগের সাংসদ পদপ্রার্থী নাহিম রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী মহিতুল ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় দুই প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়। কিন্তু মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ায় স্বতন্ত্র প্রার্থী মহিতুলের আবেদন বাতিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী, কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাঁর প্রতি নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হবে। এ ছাড়া ওই ভোটারদের স্বাক্ষরযুক্ত কাগজ মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। জানা যায়, মহিতুল এক হাজার ৯৬৮ জন ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেন। এর মধ্যে ১০ জন ভোটারের সাক্ষাৎকার গ্রহণ করে ইসি। এঁদের মধ্যে তিনজন ভোটার জানান, তাঁরা ওই (মহিতুলের) কাগজে সই করেননি।মহিতুল গনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আমি ভোটারদের সঙ্গে কথা বলে স্বাক্ষর নিয়েছি। কোন কোন ভোটার তাদের সমর্থনের কথা অস্বীকার করেছে, তা আমি জানি না। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আমি আপিল করব।’ রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান বলেন, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মহিতুলকে ২২ ফেব্রুয়ারির মধ্যে আপিল করতে হবে। ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি।