দুই প্রার্থীর নিরাপত্তা জোরদার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনের দুই প্রার্থী সরকারি দল আওয়ামী লীগের দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার তাঁদের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। তাঁরা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও ভীতিহীন পরিবেশে অনুষ্ঠানের স্বার্থে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি স্থানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দীপংকর তালুকদার ও ঊষাতন তালুকদার এ অভিযোগ করেন।
গতকাল বেলা সাড়ে ১১টায় রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকার নিজস্ব নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সমেঞ্চললনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা রাঙামাটি শহরসহ বিভিন্ন উপজেলায় তাঁর কর্মীদের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় এক কর্মীকে রাতে অপহরণ করে মারধর করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজন সরণি এলাকায় নিজস্ব নির্বাচনী কার্যালয়ে ঊষাতন তালুকদার নির্বাচনে কারচুপি হতে পারে বলে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আমার ব্যক্তি চরিত্র হননমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। আজও রাঙামাটি শহরে আমার এক বাঙালি কর্মীকে মাইকিং না করাতে হুমকি দেওয়া হয়েছে।’
নানিয়ারচর উপজেলা সম্পূর্ণ এবং লংগদু, বাঘাইছড়ি ও কাউখালী উপজেলার আংশিক এলাকায় প্রতিদ্বন্দ্বী অন্য স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে বলে ঊষাতন তালুকদার অভিযোগ করেন। ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর তিন প্রার্থী হলেন, ইউপিডিএফ-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সচিব চাকমা, জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সুধাসিন্ধু খীসা ও বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবছার উদ্দিন। দীপংকর তালুকদার ও ঊষাতন তালুকদার ছাড়া অপর তিন প্রার্থীর তেমন কোনো তৎপরতা নেই।