রাজবাড়ীর নবগঠিত কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ-সমর্থিত এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক প্রচারণা চালাতে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় যান। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকেরা নূরে আলমের ব্যবহৃত মাইক্রোবাসে হামলা চালান। তিনি মাইক্রোবাস থেকে নেমে মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করেন। এরপর বাংলাদেশ হাট এলাকায় নূরে আলমের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালান সাইফুলের সমর্থকেরা। এরপর নূরে আলমের সমর্থকেরা সংগঠিত হয়ে ধাওয়া করলে সাইফুলের সমর্থকেরা পালিয়ে যান।
এ ঘটনা জানাজানি হলে মৃগী বাজারে হকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান সাইফুলের সমর্থকেরা৷ একপর্যায়ে নূরে আলমের সমর্থকেরা তাঁদের ধাওয়া করে সেখানে সাইফুলের কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগ প্রসঙ্গে নূরে আলম বলেন, ‘রোববার সাইফুলের সমর্থকেরা বাংলাদেশ হাট এলাকায় আমার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালান৷ এতে ক্ষুব্ধ হয়ে আমার কিছু সমর্থক মৃগী বাজারে সাইফুলের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালান৷ তবে এটা করা ঠিক নয়৷’ তিনি অভিযোগ করেন, গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে সাইফুলের সমর্থকেরা বাংলাদেশ হাটে তাঁর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন৷ অবশ্য সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর সমর্থকেরা কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনায় জড়িত নন৷ বরং নূরে আলমের সমর্থকেরা তাঁর (সাইফুল) নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছেন৷
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পুলিশ এলাকায় টহল দিচ্ছে, পরিস্থিতি শান্ত রয়েছে। তবে হামলায় আহত হওয়ার কোনো ঘটনা তাঁর জানা নেই।