
নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান লড়ছেন আনারস প্রতীক নিয়ে। আর একমাত্র প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঞার প্রতীক কাপ-পিরিচ।
আসাদুজ্জামান দলের সমর্থন পাওয়া প্রার্থী ও জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক। এর চেয়ে বড় পরিচয় তিনি নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সাংসদ ও সাবেক টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের আস্থাভাজন ব্যক্তি। আব্দুল মতিন মাঠে আছেন নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের আশীর্বাদ নিয়ে। ফলে ভোটারদের কাছে আসাদুজ্জামান সাবেক মন্ত্রী ও আব্দুল মতিন বর্তমান প্রতিমন্ত্রীর প্রার্থী হিসেবে পরিচিত। দলীয় নেতা-কর্মীরা একই হিসাব কষে কোনো না কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার জানান, এরই মধ্যে তাঁরা একাধিক সাংসদের ফোন পেয়েছেন। ফোন পেয়েছেন বর্তমান প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীরও। তাঁরা যাঁর যাঁর পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন ও কাজ করার ইঙ্গিত করছেন।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের এর আগের শাসনামলে রাজিউদ্দিন আহমেদ শুধু মন্ত্রী ছিলেন না, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন। সব মিলিয়ে জেলা আওয়ামী লীগের একক নিয়ন্ত্রণ ছিল তাঁর হাতে। সেই সময় থেকে আসাদুজ্জামান ছিলেন রাজিউদ্দিনের অনুগত। এ কারণে তাঁকে জেলা পরিষদের প্রশাসক পদে বসানো হয়। এবার ক্ষমতায় আসার পর সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর পদ হারান রাজিউদ্দিন। এবার জেলার সাংসদদের মধ্যে প্রতিমন্ত্রী হন নজরুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সভাপতি পদটিও তাঁর হাতে। জেলার নেতৃত্ব ইস্যুতে ওই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। পাঁচ বছর আগে নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে রাজিউদ্দিনের সম্পৃক্ততার সন্দেহে জেলার রাজনীতিতে তাঁর প্রভাব কমে আসতে থাকে।
স্থানীয় রাজনীতির এমন হিসাব-নিকাশের মধ্যে জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আসাদুজ্জামান জেলা আওয়ামী লীগের পছন্দে ছিলেন না। শেষে নানা নাটকীয়তার মধ্যে আসাদুজ্জামানই দলীয় সমর্থন পান। নজরুল ইসলাম ও তাঁর পক্ষের নেতা-কর্মীরা আসাদুজ্জামানকে মেনে নিতে পারেননি। শেষে আব্দুল মতিনকে প্রার্থী করানো হয়।
আসাদুজ্জামান বলেন, ‘আমি দলীয় সমর্থন পাওয়া প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের একজন হিসেবে সমর্থন পেয়েছি। কিন্তু প্রধানমন্ত্রীর চাওয়া আমলে নেননি মন্ত্রী নজরুল ইসলাম। নিজের স্বার্থে তিনি আমার বিরুদ্ধে দলের সাধারণ সম্পাদককে প্রার্থী করেছেন। এখন ওয়াজ মাহফিলের নামে এলাকায় এসে প্রচারণায় অংশ নিচ্ছেন।’
নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নিজেও চান নির্বাচন হোক। যেহেতু তিনি নির্বাচন চেয়েছেন, সে কারণেই মতিন ভূঞা প্রার্থী থেকে গেছেন। তা না হলে একই দলের দুই প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগও তিনি অস্বীকার করেন।
রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘আসাদুজ্জামান দল ও প্রধানমন্ত্রীর প্রার্থী। সেই কারণে আমি দলের প্রার্থীর সঙ্গে আছি। সেই হিসেবে মতিন ভূঞা দলটির বিদ্রোহী।’ বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
আব্দুল মতিন নিজেকে বিদ্রোহী প্রার্থী ভাবতে নারাজ। তিনি বলেন, আসাদুজ্জামান দলীয় সমর্থন পেলেও পরে প্রধানমন্ত্রী নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। এরপর দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত হয়ে যায়।