দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী নুরনবী চৌধুরী ও বিএনপির হাফিজউদ্দিন আহম্মদ। বিএনপির অভিযোগ, নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ৮০০ ভাড়াটে সন্ত্রাসী এনেছে। অন্যদিকে আওয়ামী লীগের অভিযোগ, বিএনপির প্রার্থী নির্বাচনী মাঠে তাঁর জলদস্যুবাহিনীকে ব্যবহার করেছেন। গতকাল শনিবার সাখাওয়াত হোসেন তজুমদ্দিন ও লালমোহন উপজেলা মিলনায়তনে প্রার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সঙ্গে দুটি পৃথক মতবিনিময় সভা করেন। এ সময় তাঁর আছে পরস্পরের বিরুদ্ধে এসব অভিযোগ করে আওয়ামী লীগ ও বিএনপি। তবে নিজেদের বিরুদ্ধে অভিযোগকে তাঁরা মিথ্যা বলে আখ্যা দিয়েছেন।বিএনপির অভিযোগ: বিকেল চারটায় লালমোহন উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাফিজউদ্দিন ও তাঁর সমর্থকেরা অভিযোগ করেন, আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসীরা এ পর্যন্ত বিএনপির ১২ জন কর্মীকে দা দিয়ে কুপিয়েছে। সন্ত্রাসীরা রাতের আঁধারে বিএনপির সমর্থকদের বাড়িতে গিয়ে হামলার হুমকি দিচ্ছে। ভোটারদের বলা হচ্ছে, বিএনপিকে ভোট দিলে বা ধানের শীষের পক্ষে প্রচার চালালে আওয়ামী লীগকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিনের দুটি ইউনিয়নে বিএনপি প্রচার চালাতে পারছে না বলেও অভিযোগ করেন হাফিজউদ্দিন। আওয়ামী লীগের অভিযোগ: এর আগে দুপুর সাড়ে ১২টায় তজুমদ্দিন উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় নুরনবী চৌধুরী অভিযোগ করেন, বিএনপির প্রার্থীর জলদস্যুবাহিনী ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। আর কর্মিসমাবেশ ও পথসভা করে বিএনপির প্রার্থীর পক্ষে কর্মী ও ভোটারদের বিরিয়ানির প্যাকেট খাওয়ানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য থেকে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও তজুমদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলতাফুর রহমানকে বাদ দেওয়ারও দাবি জানান নুরনবী। প্রয়োজনে সেনাবাহিনী আসবে: নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন দুই প্রার্থীর উদ্দেশে বলেন, ‘আপনাদের উচিত দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া। ভোটার এখন সচেতন হয়েছেন, তাঁদের হয়রানি করা যাবে না। প্রশাসনকেও গালি দেওয়া যাবে না। প্রয়োজনীয় আরও পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হবে। যদি তারা অপারগতা প্রকাশ করে, তবে সেনাবাহিনী আসবে।’