দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় কমিটি
ভোলা-৩ (লাল-মোহন-তজুমদ্দিন) উপনির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সহিংস ঘটনা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী একে অপরকে দোষারোপ করেছেন। গতকাল মঙ্গলবার লালমোহন পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে দোষারোপ করে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশ সুপার প্রথম আলোকে এ তথ্য জানান।বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ সকাল নয়টায় নিজ বাসভবনে অভিযোগ করেন, বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ বাধা সৃষ্টি করছে। তারা নেতা-কর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই র্যাব ও নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।বেলা সাড়ে ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থী নুরনবী চৌধুরী অভিযোগ করেন, বিএনপি মিথ্যা ঘটনা সাজিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করছে। পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার রাস্তা খুঁজছে। তা ছাড়া লক্ষ্মীপুর ও চট্টগ্রাম থেকে ভাড়াটিয়া ক্যাডার এনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।হাফিজউদ্দিন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত সোমবার রাতে লালমোহনের রায়চাঁদ বাজারে বিএনপির দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করছেন আওয়ামী লীগের ক্যাডাররা। পুলিশের উপপরিদর্শকের উপস্থিতিতে সোমবার রাতে রায়চাঁদ বাজারে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য শাজাহান মিয়ার ওষুধের ফার্মেসিতে এবং শ্রমিকদলের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের চায়ের দোকানে হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্যাডাররা বিএনপির ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছেন।নুরনবী লিখিত অভিযোগে বলেন, বিএনপির হামলায় তাঁদের দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি বিগত সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা তুলে ধরেন।আচরণবিধি রক্ষায় জরুরি সভা: লালমোহন উপজেলা মিলনায়তনে গতকাল দুপুরে প্রার্থীদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। সভায় দুই প্রার্থী, জেলা পুলিশ সুপার এস এন নজরুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।সভায় প্রার্থীদের নির্বাচনী পরিবেশ শান্ত রাখা ও সহিংসতা বন্ধের জন্য দুই প্রার্থীকে হুঁশিয়ার করা হয়। সভা-সমাবেশ করার আগে তা পুলিশকে জানানোর জন্য দুই প্রার্থীকে বলা হয়েছে। পরে জেলা পুলিশ সুপার এস এন নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে।