নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছেন তিনজন বর্তমান এবং একজন সাবেক সাংসদ। দুজন রয়েছেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে। বাকি দুজন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে। ক্ষমতাসীনদের এ দ্বন্দ্বের কারণে সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে ভোটাররা।
নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত সোনারগাঁ পৌরসভায় ভোটারের সংখ্যা ২২ হাজার। এবারের নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত আবু তাহের ফজলে রাব্বী, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র সাদেকুর রহমান, বিএনপির মনোনীত মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আজাদ নজরুল।
স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান মেয়র সাদেকুরকে দলের মনোনয়ন পাইয়ে দিতে কাজ করে আসছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনসহ দলের একটি অংশ। তাঁদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ লিয়াকত হোসেনও। সাংসদ খোকা ও আওয়ামী লীগের এ অংশটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
গত ১৭ অক্টোবর সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে জনসভা করে সাংসদ শামীম ওসমান বর্তমান মেয়র সাদেকুরের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন। পরে সাদেকুরকে দলের মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করে স্থানীয় আওয়ামী লীগ কেন্দ্রকে চিঠিও দিয়েছিল।
শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন দেওয়া হয় ফজলে রাব্বীকে, যিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলামের বোনের স্বামী। আওয়ামী লীগে নতুন মুখ ফজলে রাব্বীর পক্ষে সোনারগাঁয়ের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারসহ দলের একটি বড় অংশও কাজ করছে।
আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান ও জাপার সাংসদ লিয়াকতের ইশারায় আওয়ামী লীগের একটি অংশ বিদ্রোহী প্রার্থী সাদেকুরের পক্ষে মাঠে থাকায় স্থানীয় নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। এমন পরিপ্রেক্ষিতে গণসংযোগে নেমে দলের একটি ওই অংশকে কাছে পাচ্ছেন না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বী।
এর মধ্যে দুই পক্ষ একবার সংঘর্ষে জড়িয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার ষোলপাড়া এলাকায় বিদ্রোহী প্রার্থী সাদেকুরের গণসংযোগের সময় ওই সংঘর্ষ হয়। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফজলে রাব্বীর সমর্থকেরা এ ঘটনায় জড়িত। তিনি বলেন, ‘আমাদের গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে।’
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বী বলেন, ‘বিরোধী দলের একজন সাংসদের ইশারায় দলের কিছু নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাঁরা ইচ্ছে করে সংঘর্ষ করে আমাদের ওপর দায় চাপাচ্ছেন।’
ফজলে রাব্বীর পক্ষে কাজ করা সোনারগাঁয়ের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, বিরোধী দলের একজন সাংসদের ছত্রচ্ছায়ায় থেকে আওয়ামী লীগের একটা অংশ প্রথম থেকেই ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করছে। তারা প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীকে নিয়ে গণসংযোগে নেমেছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে আমরা কাজ করছি, এ কথা সত্য নয়। তিনি আমাদের বিশ্বাস করছেন না, বিধায় খোঁজ নেন না; কোথাও ডাকেন না। তাই আমরা তাঁর সঙ্গে গণসংযোগে যেতে পারছি না।’
জাপার সাংসদ লিয়াকত বলেন, ‘আমার দলের নেতা-কর্মীরা যোগ্য প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী সাদেকুরকে সমর্থন করছেন। নেতা-কর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে আমিও তাঁকে সমর্থন দিয়েছি। আওয়ামী লীগের দলীয় কোন্দলে কে কার পক্ষে কাজ করছে, তা আমার জানা নেই।’
এদিকে দুই পক্ষের এ বিবাদের কারণে সোনারগাঁ পৌরসভায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা। তাঁদের মতে, আগেই যেভাবে সংঘর্ষ শুরু হয়েছে, তাতে করে নির্বাচনের দিন ভোটারের উপস্থিতি কমে যেতে পারে। পৌরসভার রাইজদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া বলেন, ‘আমরা ভোটকেন্দ্রে যেতে পারব কি না, তা নিয়েই সংশয়ে আছি।’
বিএনপির প্রার্থী মোশারফ হোসেনও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। গণসংযোগ করতে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হচ্ছে।’