সিলেট সিটি নির্বাচনের প্রচারণায় উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন দুই মেয়র পদপ্রার্থী। ১৪ দল-সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান গত পাঁচ বছরের অসম্পূর্ণ কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে, ১৮ দল-সমর্থিত আরিফুল হক চৌধুরী নির্বাচিত হলে ‘পরিকল্পিত নগর’ গড়তে নানা উন্নয়ন পরিকল্পনার কথা জানাচ্ছেন। বদরউদ্দিন আহমদ কামরান গতকাল বুধবার সিলেটের কুমারপাড়া, ঝেরঝেরিপাড়া, সোনাতলা, ঝরনারপার, রায়নগর, মুন্সিপাড়া, হাসান মার্কেট, মধুবন, করিমউল্লা মার্কেট, শুকরিয়া মার্কেট ও শাহজালাল উপশহর এলাকায় গণসংযোগ করেন। এসব এলাকায় গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি বক্তব্য দেন। পথসভায় কামরান বলেন, ‘আমি কখনই মিথ্যা আশ্বাস দিয়ে ভোট ভাগিয়ে নেওয়ার চেষ্টা করি না। নগরবাসী আমাকে স্বপ্রণোদিত হয়েই ভোট দেন। ২০০৮ সালের নির্বাচনেই এটি প্রমাণিত হয়েছে। তখন আমাকে কারাগারে রাখা হয়েছিল। এবার আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে সিলেটকে পর্যটন নগর গড়ার কাজে নিয়োজিত করব।’এদিকে, সিটি করপোরেশনের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ২৫টি মহল্লায় গতকাল গণসংযোগ করেন অন্য প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘সিলেটের উন্নয়ন কার আমলে হয়েছে, তা সচেতন সিলেটবাসী ভালো করেই জানেন। যতই মিথ্যাচার করা হোক, তাঁদের বিভ্রান্ত করা যাবে না। আর মিথ্যার বেসাতি তাঁরাই করেন, যাঁদের কোনো অর্জন নেই। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ১৫ জুন ভোটবিপ্লবের মাধ্যমে নগরবাসী এই নির্লজ্জ মিথ্যাচারের সমুচিত জবাব দেবেন।’ বিভিন্ন অঞ্চলের ব্যানারে প্রচারণা: সিলেটের বিভিন্ন অঞ্চলের ব্যানারে প্রার্থীদের পক্ষে গণসংযোগ শুরু হয়েছে। গতকাল আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ করেছে সিলেটে বসবাসরত ‘ছাতক-দোয়ারা বাজারবাসী’ ও সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ইউনিয়ন জনপ্রতিনিধিদের একটি দল। অন্যদিকে বালাগঞ্জবাসীর ব্যানারে সুবিদবাজার, আম্বরখানা ও বাগবাড়ী এলাকায় কামরানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় স্থানীয় লোকজনের একটি দল।