দুই প্রার্থীর বিরুদ্ধে ১৮ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর পৌরসভায় সাত মেয়র প্রার্থীর মধ্যে কেবল দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে। তাও আবার ১৮টি। এসব প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত যেমন আছেন, তেমনি আছেন বিএ, এলএলবি পাশ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

বিএনপি সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোকাদ্দেস আলীর বিরুদ্ধে ১২টি এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র টি আর এম নূর-ই-আলম হেলালের বিরুদ্ধে আছে ছয়টি মামলা। তবে আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক এবং স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কোনো মামলা নেই।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সৈয়দ আব্দুর রউফ। হলফনামা অনুযায়ী তিনি এসএসসি পাশ।

মোকাদ্দেস আলী তাঁর হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর নামে থাকা ১২টি মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইনে চারটি এবং নাশকতা ও ট্রেন পোড়ানোসহ বিস্ফোরক দ্রব্য আইনে বাকি ৮টি। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। বাকিগুলো বিচারাধীন রয়েছে। শিক্ষাগত যোগ্যতায় তিনি লিখেছেন বিএ, এল এল বি। ২০১১ সালের মেয়র নির্বাচনে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসানকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ট্রেন পোড়ানোর মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হলে ৬ আগস্ট তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। ট্রেন পোড়ানো মামলায় চার্জশিট হওয়ায় ৫ অক্টোবর তিনি আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন। এক মাস ৬ দিন কারাভোগের পর ১১ নভেম্বর তিনি জামিনে মুক্ত হন।

স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) নুর-ই-আলম হেলাল হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।

এ ছাড়াও হলফনামা অনুযায়ী জাতীয় পার্টির মির্জা ফারুক আহমেদ স্বশিক্ষিত, বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার বিএ, এলএলবি, জাসদের নাজমুল হাসান বিএ ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ৮ম শ্রেণি পাশ।