দুই প্রার্থীর বিরুদ্ধে ১৮ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌরসভায় সাতজন মেয়র প্রার্থীর মধ্যে দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে ১৮টি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোকাদ্দেস আলীর বিরুদ্ধে ১২টি, সাবেক বিএনপি নেতা ও সাবেক মেয়র টি আর এম নূর-ই-আলম হেলালের বিরুদ্ধে রয়েছে ছয়টি মামলা।
এই পৌরসভায় স্বশিক্ষিত প্রার্থীর সঙ্গে আছেন অষ্টম শ্রেণি পাস প্রার্থীও। হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
সিরাজগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছেন সিরাজগঞ্জ বণিক সমিতির সভাপতি সৈয়দ আবদুর রউফ। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। হলফনামা অনুযায়ী তিনি এসএসসি পাস।
মোকাদ্দেস আলী বিএ, এলএলবি পাস। ২০১১ সালে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। ট্রেন পোড়ানোর মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন হলে গত ৬ আগস্ট তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। ৫ অক্টোবর তিনি আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন। ১ মাস ৬ দিন কারাভোগের পর গত ১১ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান। শিক্ষাগত যোগ্যতায় তিনি বিএ পাস।
সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) নুর-ই-আলম হেলালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চারটি ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। তিনি বলেন, দুর্নীতির মামলাগুলো বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধভাবে করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সময় দুটি মিথ্যা মামলা করা হয়েছে। জাতীয় পার্টির মির্জা ফারুক আহমেদ স্বশিক্ষিত; সাইফুল ইসলাম অষ্টম শ্রেণি; বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার বিএ, এলএলবি এবং নাজমুল হাসান বিএ পাস।