দুই প্রার্থীর মনোনয়ন বাতিল বহাল রাখল নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বহাল রেখেছে নির্বাচন কমিশন। তাঁরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেয় কমিশন।তবে ওই দুই প্রার্থী এখন উচ্চ আদালতের আশ্রয় নেবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকায় গরমিল ও ভুয়া স্বাক্ষর নেওয়ার অজুহাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন আহমদ ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি-জাপা (এরশাদ) সদস্যসচিব তপন চক্রবর্তীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। তাঁরা দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। রোববার বাছাইকালে তাঁদের মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে ওই দুই প্রার্থী গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নের বৈধতা চেয়ে আপিল করেন। গতকাল দুই প্রার্থীর আপিলের ওপর দীর্ঘ শুনানি হয়। পরে কমিশন তাঁদের আপিল খারিজ করে মনোনয়নপত্র বাতিল বহাল রাখে।তপন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের আপিল খারিজ করে মনোনয়নপত্র বাতিল বহাল রেখেছে। আমি রোববার উচ্চ আদালতে রিট করব।’গত ৪ নভেম্বর এ আসনের সাংসদ আখতারুজ্জামান চৌধুরী মারা গেলে নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।