দুই প্রার্থীর সকাল থেকে রাত অবধি প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনের দিন এগিয়ে আসায় দুই প্রার্থী প্রচারণার ব্যস্ততাও বাড়িয়ে দিয়েছেন। সকাল থেকে বিকেল, সন্ধ্যা থেকে রাত অবধি তাঁরা গণসংযোগ করছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট চাইছেন। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদ গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিঠামইন উপজেলার বৈরাট ও কাঠখাল ইউনিয়নে প্রচারণা চালান। এ সময় তিনি কয়েকটি পথসভা করেন। সকালে বৈরাট বাজারের পথসভায় তিনি বলেন, ‘এই সংসদের মেয়াদ বেশি দিন নেই। নির্বাচিত হলে সংসদে সুযোগ পেলেই হাওর উন্নয়নের কথা বলব। বাবার (রাষ্ট্রপতি আবদুল হামিদ) অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। আমার কোনো এপিএস থাকবে না। সরাসরি দেখা করতে পারবেন। সুখ-দুঃখ ভাগাভাগি করতে পারবেন।’ রাষ্ট্রপতির বড় ছেলে আরও বলেন, ‘চার দশকের রাজনৈতিক জীবনে বাবাকে কখনো হাওরপারের মানুষদের অসম্মান করতে দেখিনি। আমিও বাবার মতো হাওরপারের মানুষকে সম্মান করে যাব।’ প্রচারণাকালে রেজওয়ানের সঙ্গে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা ছিলেন। উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম গতকাল প্রচারণা চালান তাঁর নিজ উপজেলা অষ্টগ্রামে। সকালে তিনি আবদুল্লাহপুর-খৈয়েরপুর ইউনিয়নে এবং বিকেলে আদমপুরে গণসংযোগ করেন। সকালে খৈয়েরপুর বাজারের পথসভায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। হাওরে বড় দলটি চার দশক ধরে এক ব্যক্তির পকেটবন্দী হয়ে আছে। এখন পরিবারবন্দী করার চেষ্টা করা হচ্ছে। তাও আবার ভোটের অধিকার কেড়ে নিয়ে। সব রাষ্ট্রীয় শক্তি মোকাবিলা করে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে হাওরে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। উন্নয়নবঞ্চিত মানুষের জন্য নেতৃত্ব পরিবর্তন ও বিকশিত করার পথ তৈরি করেছি।’ তিনি ভোটারদের ভোটের মাধ্যমে নতুন পথ দিয়ে হাঁটতে শেখার আহ্বান জানান। গণসংযোগকালে মহিতুলের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এবং বিএনপির কর্মী-সমর্থকেরা ছিলেন।