চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন ও সানোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে গত সোমবার রাতে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে যুবলীগের নেতা সেলিমুজ্জামানকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেনকে স্থানীয় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। আর সানোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।একই ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিনের ভ্রাম্যমাণ আদালত সোমবার সদর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। রাতেই তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন যুবলীগের উপজেলা কমিটির সদস্য আমিরুল ইসলাম ও শাহীন রেজা এবং সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শঙ্কর কুমার শর্মা ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ৫ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কুতুবপুর থেকে আওয়ামী লীগের সমর্থন পান সাখাওয়াত হোসেন ওরফে টাইগার। এই সমর্থনকে চ্যালেঞ্জ করে প্রার্থী হন সানোয়ার হোসেন। উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ এবং উপজেলা ছাত্রলীগ শুরু থেকেই সানোয়ার হোসেনের পক্ষে প্রচার চালিয়ে আসছে। সোমবার রাতে সানোয়ার হোসেনের পক্ষে একাধিক দল কুতুবপুরে অবস্থান করছিল। এ সময় সাখাওয়াত হোসেনের সমর্থকেরা তাঁদের ওপর আক্রমণ করলে অন্তত পাঁচজন আহত হন। এরপর উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। সাখাওয়াত হোসেনের সমর্থকেরা শাহীন রেজা ও মেহেদী হাসান নামে প্রতিপক্ষের দুই সমর্থককে আটক করেন। শঙ্কর কুমার শর্মা ও আমিরুল ইসলাম নামে অপর দুই সমর্থক কুতুবপুর পুলিশ ক্যাম্পে আশ্রয় নেন।এ খবর ছড়িয়ে পড়লে কুতুবপুর, সরোজগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) এস এম নাজমুল হক, র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের উপ-সহকারি পরিচালক আফজাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানসহ র্যাব ও পুলিশের বহর এলাকায় পৌঁছে উপস্থিতি জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সাখাওয়াত হোসেনের সমর্থকদের হাতে আটক চারজনকে রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে পুলিশ। ইউএনও আবুল আমিন তাঁদের ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন প্রথম আলোকে বলেন, উল্লেখিত চারজনের সমর্থকের বিরুদ্ধে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ভঙের সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উভয় চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রথম আলোকে বলেন, সানোয়ার হোসেনের জয় নিশ্চিত ভেবেই সাখাওয়াত হোসেনের লোকজন তাঁদের ওপর হামলা করেছে। পাশাপাশি চারজন কর্মী-সমর্থককে আইনের হাতে সোপর্দও করা হয়েছে। এর জবাব ব্যালটেই মিলবে।