দুই প্রার্থীর সমান ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী সমানসংখ্যক ভোট পেয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার পাঁচটি ইউপির নির্বাচন হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পশ্চিম জুড়ীর ২ নম্বর ওয়ার্ডে তিনজন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আবদুল হেকিম বাবুল (নলকূপ), করুণাময় দাস মনা (মোরগ) ও সুজিত চন্দ্র দে ভুলন (তালা)। আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের ফলাফলে হেকিম ও করুণাময় ৫১৭ করে ভোট পান। ফলে তাঁদের কাউকে জয়ী ঘোষণা করা হয়নি। অপর প্রার্থী সুজিত পান ৫০৯ ভোট। এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ১২৬ জন। ভোটার উপস্থিত ছিলেন ১ হাজার ৫৯৬ জন। বাতিল ভোটের সংখ্যা ৪৩। তিন প্রার্থীর প্রাপ্ত ভোট ও বাতিল ভোট যোগ করে হয় ১ হাজার ৫৮৬। সে হিসাবে সেখানে ১০ ভোট কম পাওয়া যায়।
পশ্চিম জুড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন গতকাল শুক্রবার বলেন, ‘দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। সেখান থেকে এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।’
আমতৈল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস বলেন, কোনো ভোটার ব্যালট পেপার বাক্সে না ফেলে লুকিয়ে নিয়ে যেতে পারেন। সে কারণে গণনায় ১০ ভোট কম পাওয়া গেছে।