সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের আবদুল গণি ও জাতীয় পার্টির এরশাদ আহমদ সমান সংখ্যক ভোট পেয়েছেন। তাই এই ইউপিতে চেয়ারম্যান পদে কাউকে জয়ী ঘোষণা করা হয়নি। এখানে এই দুই প্রার্থীর মধ্যে আবার ভোট হবে।
বাদাঘাট দক্ষিণ ইউপির রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, বাদাঘাট দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন চারজন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবদুল গণি ও জাতীয় পার্টির এরশাদ আহমদ ৪ হাজার ৩০ ভোট করে পেয়েছেন। অন্য দুই প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. ছবাব মিয়া পেয়েছেন ৩ হাজার ৭১৪ ভোট এবং খেলাফত মজলিসের প্রার্থী আমিন উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৩ ভোট। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় উপজেলার অন্য চারটি ইউপির ফলাফল ঘোষণা হলেও এই ইউপির ফল ঘোষণা স্থগিত থাকে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, সমান ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে আবার ভোট হবে। ভোটের দিন নির্ধারণ করবে নির্বাচন কমিশন।