দুই প্লাটুন পুলিশ নিয়ে ব্যক্তিগত ভবনে যাওয়া আসার রাস্তা নির্মাণ
চট্টগ্রামের জামালখান এলাকায় দুই প্লাটুন পুলিশের পাহারায় গতকাল রোববার একটি বাড়ি উচ্ছেদ করে ব্যক্তিমালিকানাধীন একটি ভবনে যাতায়াতের রাস্তা তৈরি করা হয়েছে। পুলিশ বলছে, আদালতের নির্দেশে তারা উচ্ছেদকাজে যায়। তবে যে বাড়িটি উচ্ছেদ করা হয়েছে, তার মালিক সুভাষ চন্দ্র দে অভিযোগ করেছেন, তাঁদের আগে থেকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়নি।সুভাষ দে বলেন, ‘এভাবে পুলিশের পাহারায় হঠাৎ করে উচ্ছেদ করায় আমাদের ঘরের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।’জানা গেছে, তড়িৎ দে নামের এক ব্যক্তি দুই বছর ধরে জামালখান খাল ঘেঁষে একটি ছয়তলা বাড়ির নির্মাণকাজ করছেন। কিন্তু বাড়িতে যাওয়া-আসার কোনো রাস্তা ছিল না। এই রাস্তা তৈরি করা নিয়ে প্রতিবেশী সুভাষ চন্দ্র দের পরিবারের সঙ্গে তড়িৎ দের বিরোধ চলে আসছিল। এই বিরোধ আদালতে গড়ায়। আদালত সুভাষ দের ঘরের ছয় ফুট পরিমাণ জায়গা উচ্ছেদ করার নির্দেশ দেন বলে জানা গেছে।পরে গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী হাকিম অলিউর রহমানের নেতৃত্বে দুই প্লাটুন পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় তড়িৎ দের পক্ষে অন্তত ৫০ জন শ্রমিক ও বহিরাগত ব্যক্তি তাঁদের সহযোগিতা করেন। বেলা তিনটা থেকে অবমুক্ত করা জায়গার ওপর বালি ও ইট ফেলে রাস্তা তৈরি করা হয়। রাস্তা নির্মাণের সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই পাল্টুন নারী ও পুরুষ পুলিশ সেখানে পাহারায় ছিল।বিকেলে রাস্তা নির্মাণের সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে আসেন।আবুল কালাম আজাদ বলেন, ‘আজ নানা ঝামেলার মধ্যে ছিলাম। বিএনপির সমাবেশ ছিল। ওখানে অনেক ফোর্স দিতে হয়েছে। আবার জামালখানে উচ্ছেদ ছিল, সেখানেও অনেক ফোর্স গেছে। এত পুলিশ দিতে সমস্যায় পড়তে হয়েছে।’এদিকে, আশপাশের পত্রিকা কার্যালয়ের সংবাদকর্মীরা উচ্ছেদ ও রাস্তা নির্মাণের ঘটনা দেখার সময় পুলিশ তাঁদের সঙ্গে রূঢ় আচরণ করে। এ সময় এক পুলিশ সদস্য প্রথম আলো কার্যালয় লক্ষ করে পাথর ছুড়ে মারেন। নির্বাহী হাকিম অলিউর রহমান বলেন, ‘পাথর ছুড়ে মারার জন্য আমি লজ্জিত। আমি ব্যবস্থা নেব।’তিনি বলেন, আদালতের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই জেলা প্রশাসক উচ্ছেদকাজ বাস্তবায়নের নির্দেশ দেন।