দুই ফেরির সংঘর্ষে আহত ১২

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ শনিবার সকালে দুই ফেরির মধ্যে সংঘর্ষ ঘটেছে। মাঝ নদীতে হঠাৎ কুয়াশার কারণে ঘটা এ সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া হাসনা হেনা নামের একটি ফেরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়াশা কম দেখে থেকে ফেরি ছাড়া শুরু হয়। কিছুক্ষণ পর ফের ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। পৌনে সাতটার দিকে পাটুরিয়া থেকে ৪টি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাক ও ১টি ছোট ব্যক্তিগত গাড়ি নিয়ে ইউটিলিটি (ছোট) হাসনা হেনা ফেরি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝ নদীতে পৌঁছালে ফের কুয়াশার কবলে পড়ে। দৌলতদিয়া ঘাটের কাছে চ্যানেলে বিপরীত দিক থেকে আসা রোরো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের সঙ্গে ধাক্কা লাগে। এতে হাসনা হেনার র্যামের সামনের অংশ ভেঙে যায়। ফেরিতে থাকা গাড়িগুলো ধাক্কা খায়। এ সময় ফেরিতে থাকা ১২ জন আহত হন।
হাসনা হেনা ফেরির মাস্টার একরামুজ্জামান বলেন, কুয়াশা কম দেখে তিনি পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মাঝ নদীতে হঠাৎ ঘন কুয়াশা ঘিরে ফেলে। দৌলতদিয়া ঘাটের কাছে সংঘর্ষ লাগলে ফেরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ফেরিতে থাকা যানবাহনের ধাক্কায় কয়েকজন যাত্রী আহত হন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আব্দুস ছাত্তার বলেন, কুয়াশার কারণে ফেরি চালাতে মাঝেমধ্যে ঝুঁকিতে পড়তে হয়। কুয়াশার কারণে দুটি ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া ফেরিতে থাকা একটি ট্রাকের আঘাতে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।