দুই বংশের দ্বন্দ্বের বয়স ৭৫
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি গ্রাম সাদেকপুর। এই গ্রামের দুই প্রভাবশালী বংশ ভুঁইয়া ও শেখ। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে গ্রামের পঞ্চায়েতে এক সালিস বৈঠকের রায়ে ক্ষুব্ধ হন ভুঁইয়াবাড়ির লোকজন। এর কয়েক দিন পর ওই পঞ্চায়েতের সদস্য রইছ উদ্দিন শেখ ভুঁইয়া বংশের সমর্থকদের হাতে খুন হন। সেই থেকে দ্বন্দ্বের শুরু। এখনো চলছে দুই গোষ্ঠীর সেই দ্বন্দ্ব। দীর্ঘদিনের এই বিবাদে জড়িয়ে নিঃস্ব হওয়ার পথে অনেক পরিবার।দুই বংশের সদস্য ও সমর্থকদের মধ্যে সর্বশেষ সংঘর্ষ হয় গত শুক্রবার। এতে ভুঁইয়াবাড়ির উজ্জ্বল ভুঁইয়া (২৬) নিহত হন। পারিবারিক সূত্রে জানা গেছে, এর মাত্র তিন দিন আগে দুবাই থেকে দেশে ফেরেন উজ্জ্বল। গত শুক্রবারের সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন।এদিকে শুক্রবারের সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর গ্রেপ্তার এড়াতে শেখদের পক্ষের পরিবারগুলোতে বৃদ্ধ নারী ছাড়া সবাই বাড়িছাড়া। গত শনি ও রোববারে একাধিকবার শেখদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। আগুনে ভস্মীভূত হয় দুটি বসতঘর। ২০০ পরিবারের এখন পথে বসার উপক্রম। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার শেখ বংশের সমর্থকদের বাড়ি থেকে মালামাল লুট করে নেওয়ার সময় মালামালসহ অন্য গ্রামের চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কেউ ভুঁইয়া বংশের সঙ্গে সম্পৃক্ত নয়। দুই বংশের সংঘর্ষের সুযোগে তারা লুটপাট করতে এসেছিল।গত রোববার সাদেকপুর গ্রামে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থবিত্ত ও প্রভাব বিবেচনায় গ্রামে ভুঁইয়া ও শেখরাই এগিয়ে। তাই অপেক্ষাকৃত দুর্বল বংশের লোকজন ওই দুই গোষ্ঠীর যেকোনো একটিকে সমর্থন জানিয়ে আসছে। শুক্রবারের সংর্ঘষে শেখদের পক্ষে ছিল গ্রামের চৌধুরী, খাঁ ও শিকদারবাড়ির লোকজন। ভুঁইয়াদের পক্ষ নেয় ব্যাপারিসহ কয়েকটি বংশের মানুষ। জানা গেছে, দুই বাড়ির লোকজনের এই সংঘাতের পেছনে ভূমিদখল কিংবা আর্থিক কোনো উদ্দেশ্য নেই। বংশের মর্যাদা রক্ষায় তারা লড়াই করে। দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে শতাধিক, দুই বংশের বহু লোক মামলার আসামি। মামলা চালাতে গিয়ে গ্রামের অনেক বাসিন্দা জমি-বসতভিটা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই গ্রামের অনেক কৃষিজমির মালিক এখন পার্শ্ববর্তী গ্রামের মানুষ।শেখ পরিবারের তহুরা বেগম (৮৫) বলেন, ‘আমারে বিয়া কইরা ঘরে উঠাইয়া জামাই দিছিল দৌড়। পরে হুনছি কাইজ্জা হইতাছে। কাইজ্জা হইলে এই বংশে ঘরে বইয়া থাহনের নিয়ম নাই। না খাইয়া থাকতে পারুম, কিন্তু ভুঁইয়ার কাছে কাইজ্জা কইরা হারার লজ্জা নিতে পারুম না।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কবির বলেন, ‘ভুঁইয়া আর শেখ বংশের জন্য পুলিশকে সব সময় সতর্ক থাকতে হয়। এবার ঈদেও থুথু ফেলা নিয়ে তাদের মধ্যে বিরাট সংঘর্ষ হয়। যা সামাল দিতে আমাদের বেগ পেতে হয়েছে।’ভুঁইয়া বংশের বর্তমান নেতৃত্বে থাকা রফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘শেখবাড়ির লোকজনের বল্লমের আঘাতে আমাদের এক ছেলে মারা গেছে। ছেলে হারানোর শোকে আমরা কাতর। হামলা চালাব কখন। পরিস্থিতির সুযোগ কেউ নিতে পারে।’ এভাবে আর কত দিন সংঘর্ষ চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘর্ষ কারও কাম্য হতে পারে না। তিনি এর সামাজিক সমাধানের দাবি করেন।একই প্রশ্নের জবাবে শেখ বংশের নেতৃত্বে থাকা সাদেকপুর ইউনিয়ন পরিষদের সদস্য জামিল উদ্দিন শেখ বলেন, ‘আমরাও বিবাদ চাই না। নিরপেক্ষ উদ্যোগ শত্রুতা মেটাতে পারে।’ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম বলেন, সাদেকপুরে দুই বংশের দীর্ঘ এই শত্রুতা মূলত মনস্তাত্ত্বিক। সামাজিক উদ্যোগে সমস্যার সমাধান হতে পারে।কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মীর রেজাউল আলম বলেন, তদন্তে উঠে এসেছে, শুধু বংশমর্যাদা রক্ষায় দুই পক্ষ দীর্ঘদিন ধরে বিবাদে লিপ্ত। সমস্যা সমাধানের উপায় খোঁজা হচ্ছে।